কাকরাইলে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইল মোড়ে জায়গার দখল নিয়ে গতকাল শনিবার রাতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করেছে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে এস এ পরিবহন ও ডায়মন্ড বিল্ডার্সের মালিকপক্ষ কাকরাইলের একটি ভবনের জায়গার মালিকানা দাবি করে আসছে। গতকাল দুপুরে ডায়মন্ড বিল্ডার্সের লোকজন ওই ভবনের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এর জের ধরে রাত ১১টার দিকে এসএ পরিবহন ও ডায়মন্ড বিল্ডার্সের কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়। এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে এসএ পরিবহন ও ডায়মন্ড বিল্ডার্সের কারও বক্তব্য পাওয়া যায়নি।