কাকলী হাইস্কুলের সবাই ফেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফলে ‘অদ্ভুত’ ঘটনা ঘটেছে রাজধানীর কাকলী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। এই স্কুল থেকে এক হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র একজন পাস করেছেন।
এই কেন্দ্রে পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন এমন অন্তত ৫০ জন প্রথম আলোর কাছে দাবি করেছেন, প্রাথমিক বাছাই পরীক্ষায় পাস নম্বর ছিল মাত্র ৪৫। কিন্তু তাঁরা সবাই এর চেয়ে অনেক বেশি পাবেন বলে নিশ্চিত। অথচ তাঁরা কেউ উত্তীর্ণ হতে পারেননি। বড় ধরনের কোনো ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে।
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এই পরীক্ষা নিয়েছে। কাজেই তারাই এ বিষয়ে বলতে পারবে। আর ব্যবসায় শিক্ষা অনুষদ বলছে, তারা বিষয়টি যাচাই-বাছাই করবে।
গত শুক্রবার সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার এবং অফিসার (ক্যাশ) পদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৩২ হাজার ৬৮৮ জন উত্তীর্ণ হন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০০০২ ক্রম থেকে সিনিয়র অফিসার পদের উত্তীর্ণ রোল নম্বর শুরু হয়েছে। মাঝখানের একটি, দুটি কিংবা তিনটি রোল নম্বর বাদ দিয়ে প্রায় সবাই উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ২০০০০২-এর পর ২০০০০৪, ২০০০০৮, ২০০০১২, ২০০০১৫, ২০০০১৬, ২০০০১৭ এভাবে সবার রোল নম্বর আছে। কিন্তু ২৫২৬৫৪ থেকে শুরু করে ২৫৩৬৫৬-এর মধ্যে শুধু ২৫৩১০৪ বাদে আর কোনো রোল নম্বর নেই। অর্থাৎ এই এক হাজার জনের মধ্যে শুধু একজনই উত্তীর্ণ হয়েছেন। আর এঁরা সবাই কাকলী উচ্চবিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন।
২৫৩৬২১ রোল নম্বরধারী ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পাস করে এই পরীক্ষায় অংশ নেন। কাকলী স্কুলের ৫০৫ নম্বর কক্ষে তিনি পরীক্ষা দিয়েছেন। তাঁর ধারণা ছিল, অন্তত ৮০ পাবেন। কিন্তু তিনি পাসই করেননি। কোথাও বড় ধরনের ভুল হয়েছে। একই ধরনের কথা বলেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন থেকে লেখাপড়া শেষ করা ২৫৩৫৪৫ রোল নম্বরধারী রতন অধিকারী, ২৫৩০৩৭ রোল নম্বরধারী ইমতিয়াজ রহমান, ২৫৩৫৬৫ রোলধারী শম্পা খাতুন, ২৫২৯৫৯ রোলধারী সোহেলি জামানসহ আরও অন্তত ৪০ জন প্রার্থী। কাকলী স্কুলের বিভিন্ন কক্ষে তাঁরা পরীক্ষা দিয়েছেন। তাঁদের দাবি, পরীক্ষার উত্তরপত্র ওএমআর (অপটিক্যাল মার্ক রিডিং) স্ক্যানিং কিংবা নম্বর তুলতে কোনো ভুল হয়েছে। সমস্যা সমাধানে গতকাল বুধবার তাঁরা সোনালী ব্যাংকে যান। তখন তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে যেতে বলা হয়। কিন্তু সেখানে গেলে আবার সোনালী ব্যাংকে যেতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁরা আবার সোনালী ব্যাংকে যাবেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক (মানবসম্পদ) মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার্থীরা আমাদের কাছে এসেছিল। এক হাজার পরীক্ষার্থী থেকে একজন পাস করার বিষয়টি আমাদেরও অবাক করেছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ কর্তৃপক্ষ এই পরীক্ষা নিয়েছে, আমরা তাদের বিষয়টি যাচাই করতে বলেছি। আমাদের হাতে সময় আছে। কাজেই কোনো ত্রুটি হলে সংশোধন করা হবে।’