কাকলীর যানজট যে কারণে কমছে না

চার রাস্তার মোড়। সব দিকেই গাড়ির অনেক চাপ। এর মধ্যেই মোড় থেকে যাত্রী ওঠা-নামা করছেন। আটকে পড়ছে পেছনের গাড়িগুলো। যানজট কমাতে একটি ইউলুপ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এসব কারণে কাকলী মোড়ের যানজট কমছেই না।
কাকলীর যানজটের জন্য গুলশান, বনানীতে চলাচলকারী বাস ঢাকার চাকাকেও নৌ সদর দপ্তর ঘুরে আসতে হয়। সরাসরি কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে ঘুরতে গেলে অন্য যানগুলোকে থেমে থাকতে হবে।
কাকলী ক্রসিংয়ে গাড়ি পারাপারের একটি ‘ইউ’ আকৃতির সেতু (ইউলুপ) হওয়ার কথা ছিল। এটা হলে যানগুলোকে আটকে থাকতে হতো না। এ বছরের জুন মাসে এই ইউলুপ চালু করা হবে বলে জানিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু এখন পর্যন্ত ইউলুপ নির্মাণের প্রাথমিক কাজও শুরু হয়নি। ডিএনসিসি সূত্রে জানা যায়, ইউলুপ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। এটি নিয়ে সবার সঙ্গে এখনো আলাপ-আলোচনা চলছে। মহাখালী থেকে উত্তরা, এক পাশে বনানী ডিওএইচএস, অন্য পাশে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। চারদিকেই অসংখ্য যান দাঁড়িয়ে থাকে। একটি সিগন্যাল ছাড়তেই অন্যদিকের যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।
গতকাল রোববার দুপুরে দেখা যায়, উত্তরামুখী বাসগুলো ছেড়ে দেওয়ার পরও মোড়ে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়েই যাত্রী তুলছে। অথচ মোড়ের সামনেই সাইনবোর্ড টাঙানো: ‘এখানে বাস থামানো নিষেধ’। মোড়টি পার হলে সামনেই বাসস্টপেজ। বাঁ দিকে ডিওএইচএস যাওয়ার গাড়িগুলোকে থেমে থাকতে হচ্ছে। এ ছাড়া সরাসরি উত্তরা যাওয়ার যানগুলোকেও থেমে থাকতে হয়। যানগুলো অনবরত হর্ন বাজিয়েই যাচ্ছে। যাত্রীদের বেশির ভাগই সিগন্যালে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করেন। শুধু নির্দিষ্ট বাসের যাত্রীরা কাউন্টারে সামনে দাঁড়ান। সোহেল মাহমুদ আবদুল্লাহপুর যাবেন বলে সিগন্যালে দাঁড়িয়ে আছেন। সামনে স্টপেজ থাকতে সিগন্যালে দাঁড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বাস তো এইখানেই থামে। আর সামনে গেলে সিট পাওয়া যায় না।’
তানজিল, রবরব, সানিমনি, জান্নাত, বিআরটিসি, বলাকা, ঢাকা পরিবহন, এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ, আজমেরীসহ বিভিন্ন পরিবহনের বাস ইচ্ছেমতো থামছে। রাস্তার দুই পাশে পথচারীর সংখ্যাও অনেক। সিগন্যাল থাকুক না থাকুক, তাঁরা হাত তুলে গাড়ি থামিয়ে ব্যস্ত সড়কেই রাস্তা পার হচ্ছেন। অথচ মহাখালী উড়ালসড়ক থেকে কাকলী পর্যন্ত তিনটি পদচারী-সেতু রয়েছে।
মহাখালী উড়ালসড়ক থেকে নামার পর গাড়ির চাপ অনেক। বনানী ১১ নম্বরে প্রবেশ করে অনেক গাড়ি। ফলে এখানে মহাখালীগামী ও উড়ালসড়কে ওঠার যানগুলো থেমে থাকে। এ ব্যাপারে কাকলীতে কর্তব্যরত সার্জেন্ট আরজু হোসেন বলেন, ‘সাতসকালে শুরু হয় এই রাস্তার জ্যাম। সারা দিনই থাকে। অনেক গাড়ি চলে। যেখানে-সেখানে গাড়ি তো থামতে দিই না। দেখলে মামলা করি।’ তিনি এ জন্য যাত্রীদের অসচেতনতার কথাও বলেন। ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায় বলেন, ‘এটা একটা ইন্টারসেকশন। যদি এটা দূরে হতো, রাস্তা কিছুটা ফাঁকা থাকত। আর দেশে গাড়ির সংখ্যা বাড়ছেই।’