কাকশিয়ালি নদীতে সাঁকো তৈরি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালি নদীর কুলতলী খেয়াঘাটে বাঁশের সাঁকো নির্মাণ বন্ধের দাবিতে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন হয়েছে। এর পরিবর্তে উজিরপুর ত্রিমোহিনী নামক স্থানে সেতু তৈরির দাবি করা হয়েছে।
স্থানীয় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার কুলতলী খেয়াঘাট এলাকায় ওই সংবাদ সম্মেলন করেন। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
জানতে চাইলে জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন বলেন, তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন।
সংবাদ সম্মেলনে প্রশান্ত কুমার সরকার বলেন, গোবিন্দকাটি, ঘোজা, টোনা, বাঁশদহ ও বেড়াখালি গ্রামের পাশ দিয়ে কাকশিয়ালি নদী প্রবাহিত হয়েছে। খরস্রোতা এ নদীর গোবিন্দকাটি বেড়িবাঁধের পাশে কুলতলী খেয়াঘাট। জেলা যুবলীগের সভাপতি শেখ আবদুল মান্নান ঘাটটি জেলা পরিষদের কাছ থেকে ১৪২৪ বঙ্গাব্দের জন্য ইজারা নিয়েছেন। এলাকাবাসী এখান থেকে দুই কিলোমিটার উত্তর-পূর্ব পাশে উজিরপুর ত্রিমোহিনী নামক স্থানে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি করে আসছেন।তা নাকরে গত ২০ জুন কাকশিয়ালী নদীকে মৃতপ্রায় দেখিয়ে কুলতলী খেয়াঘাটে সাঁকো তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। ইজারাগ্রহীতা শেখ আবদুল মান্নানকে জেলা পরিষদের প্রধান নির্বাহী এ এন এম মঈনুল ইসলাম এই অনুমতি দেন। গত রোববার থেকে কুলতলী খেয়াঘাটে সাঁকো তৈরির কাজ শুরু হয়েছে। উপজেলার ১২ জন ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় শতাধিক মানুষ জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে ১৭ মে এ সাঁকো নির্মাণ বন্ধের আবেদন জানিয়েও ফল হয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউপির সদস্য বিভাস সরকার, ব্যবসায়ী শিবপদ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পশুপতি সরকার, আভা রানী সরকার, কল্পনা সরকার প্রমুখ। এতে আরও বলা হয়, কুলতলি খেয়াঘাটে সাঁকো তৈরি হলে নদীতে পোঁতা দুই শতাধিক বাঁশের গোড়ায় পলি জমে ৩০ ফুট গভীর নদীর তলদেশ উঁচু হয়ে অল্প সময়েই ভরাট হয়ে যাবে। সে ক্ষেত্রে লোনা পানি সরবরাহ বন্ধ হয়ে এলাকার কয়েক হাজার বিঘার চিংড়িঘের বিপন্ন হবে। নদীপথে বহন সুবিধা না পাওয়ায় মাছের ব্যবসা ও পোলট্রি শিল্প বিপন্ন হবে। বিপন্ন হবে এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা।
জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান বলেন, তিনি সাঁকো তৈরি করছেন না। ফতেপুর গ্রামের শ্রীদাম বিশ্বাস এবং একই গ্রামের রবিউল ইসলাম তা তৈরি করছেন।
তবে শ্রীদাম বিশ্বাস বলেন, তিনি ও রবিউল দৈনিক ৩২০ টাকার পারিশ্রমিকে কাজ করছেন। সাঁকো তৈরি করছেন জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান। সাঁকো নির্মাণকাজে বাধা দেওয়ায় শেখ আবদুল মান্নানের পক্ষে তিনি মঙ্গলবার কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব হোসেন বলেন, শ্রীদাম বিশ্বাসের অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার কাজ বন্ধ এবং শান্তি বজায় রাখার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।