কাকুতি-মিনতিতেও মন গলেনি ওদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুমূর্ষু বাবাকে বাঁচাতে জমি বন্ধক রাখেন ছেলেরা। সেখান থেকে টাকা নিয়ে একটি মাইক্রোবাস ভাড়া করেন, রওনা হন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। প্রায় ১০০ কিলোমিটার পথ নির্বিঘ্নে চলার পর বিপত্তি ঘটে আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় এসে। মিনিবাস মালিক সমিতির চেকপোস্টে বাসটিকে আটকে রাখা হয়। দেরি হচ্ছে দেখে রোগীর ছেলেরা মালিক সমিতির লোকজনের হাত-পা ধরে কত কাকুতি-মিনতি করেন। তবু তাদের দিলে রহম হয়নি। দেড় ঘণ্টা পর ওই মাইক্রোবাসেই মারা যান রোগী। সেখান থেকে হাসপাতাল ছিল মাত্র দুই কিলোমিটার দূরে। গত শুক্রবার সন্ধ্যায় বরিশালের আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকার রূপাতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃতের নাম মো. শাহজাহান (৫৫)। বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলেন।মৃত শাহজাহানের ছেলে শহীদুল ইসলাম (৩৫) জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকলেও গত কয়েক দিনে তাঁর বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেন দিতে গত শুক্রবার বাবাকে নিয়ে রওনা হন তাঁরা। তিনি বলেন, ‘সেতু পার হয়ে অন্য পারে আসামাত্র বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির চেকপোস্টে মাইক্রোবাসটি আটকে দেওয়া হয়। বাবা গুরুতর অসুস্থ বলার পরও তাঁরা ছাড়েননি। একপর্যায়ে তাঁদের পায়ে ধরে কাকুতি-মিনতি করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। দেড় ঘণ্টা আটকে থাকার পর সেখানেই বাবার মৃত্যু হয়।’ শহীদুল পেশায় জেলে। তিনি আক্ষেপ করে বলেন, ‘১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এলাম। আর মাত্র দুই কিলোমিটারের জন্য...।’ বাষ্পরুদ্ধ হয়ে পড়ে শহীদুলের কণ্ঠ।ছোট ছেলে ওবায়েদুল ইসলামও (২৭) পেশায় জেলে। তিনি বলেন, ‘জমি বন্ধক রেখে ৬ হাজার টাকা নিয়েছিলাম। সেই টাকায় মাইক্রো ভাড়া করা হয়েছিল। কিন্তু মালিক সমিতির লোকজনের খামখেয়ালির কারণে মৃত্যু পথযাত্রী বাবাকে নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারিনি।’ প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কীর্তনখোলা নদীর আবদুর রব সেরনিয়াবাত সেতু পার হয়ে সোনারগাঁও টেক্সটাইল মিলের কাছে আসামাত্র বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির চেকপোস্টে থামানো হয়। এ সময় মাইক্রোবাসের কাগজপত্র পরীক্ষার নামে কালক্ষেপণ করা হয়। একপর্যায়ের রোগীর মৃত্যু হয়। তাঁর ছেলেরা আহাজারি করে চিৎকার-চেঁচামেচি শুরু করলে এলাকার লোকজন জড়ো হয়। সংবাদ পেয়ে বরিশাল কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লাশসহ মাইক্রোবাসটি পটুয়াখালীর উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক কমলেশ হালদার বলেন, ‘ঘটনার পরপরই আমরা সেখানে যাই। ওই সময় চেকপোস্টে কাউকে পাইনি। মৃত শাহজাহানের ছেলেদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা মামলা করবেন বলে জানিয়েছেন।’বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘জানামতে, ওখানে আমাদের কোনো চেকপোস্ট নেই। ওই ঘটনায় মামলা হবে এবং যারা ওই চেকপোস্ট বসিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান বলেন, ‘আমরা মূলত সময় নিয়ন্ত্রণের জন্য ওই চেকপোস্ট বসিয়েছি। এ ছাড়া অটোরিকশা, মহেন্দ্র গাড়ি ও মাইক্রোবাস যাতে হাইওয়েতে চলাচল করতে না পারে সে জন্য ওই চেকপোস্ট বসানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘হয়তো কেউ ক্ষমতার অপব্যবহার করে অ্যাম্বুলেন্স আটকে রেখেছে। বিষয়টি আমি শুনেছি। আমাদের কোনো লোক ওই কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’বরিশাল নগরের ইজিবাইক চালক আবুল হোসেন বলেন, ‘ওই ব্রিজ উদ্বোধন হওয়ার পর মিনিবাস মালিক সমিতির লোকজন আমাগেরে ওইদিকে যাইতে দেয় না।’