কাকে তারা রাস্তায় রাখতে চাইছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

রাজনীতিতে অশনিসংকেত

বিশেষ প্রতিনিধি

দেশের রাজনৈতিক অঙ্গনে অল্প দিনের মধ্যে এমন কতগুলো ঘটনা ঘটেছে, যাকে অশনিসংকেত বলে
অভিহিত করছে দেশের প্রগতিশীল রাজনীতিক ও সাংস্কৃতিক মহল। তারা বলছে, এই ঘটনাবলি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিকে বিপন্ন করবে। হেফাজতে ইসলামের দাবি ও চাপের মুখে স্কুলের পাঠ্যবইয়ে বিতর্কিত সংশোধন থেকে এই অশনিসংকেতের শুরু। এরপর সুপ্রিম কোর্টের সামনের স্থাপত্য অপসারণের জন্য হেফাজতের কর্মসূচি ঘোষণা, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদ্‌যাপন নিয়ে বিতর্ক সৃষ্টি, চট্টগ্রামে দেয়ালের আলপনা পোড়া মবিল দিয়ে ঢেকে দেওয়া এবং হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠকে শর্তহীনভাবে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ায় অশনিসংকেত ঘনীভূত হয়েছে। ২০১৩ সালে সরকারবিরোধী ঢাকা ঘেরাও কর্মসূচি দিয়ে দেশের ইতিহাসে এক বড় ধরনের অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের আপসরফায় দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবী মহলে উদ্বেগ তৈরি হয়েছে।  

নিরাপত্তার নামে নববর্ষের অনুষ্ঠান কাটছাঁট করা হলো কেন, সেটা আমার বোধগম্য নয়। বইমেলা সাড়ে আটটা পর্যন্ত খোলা ছিল, বাণিজ্য মেলা রাত ১০টা পর্যন্ত। নাটক হচ্ছে, সিনেমা চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তাহলে বর্ষবরণের অনুষ্ঠান কেন পাঁচটার মধ্যে শেষ করতে হবে? এটা তো একটা লড়াই। অন্ধকারের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে লড়াই।

যারা যুক্তি ও ধর্ম কোনোটাই বোঝে না, তাদের বিরুদ্ধে লড়াই। তারা শোলাকিয়ার ঈদ জামাতে হামলা করেছে, মিসরের গির্জায় হামলা করেছে, লন্ডনে হামলা করেছে। কিন্তু কোন যুক্তিতে? এ কথা সত্য, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং এ দায়িত্ব তাদের একার নয়। কিন্তু আমাদের মানে সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষকে ঘরে পাঠিয়ে দিয়ে কাকে তারা রাস্তায় রাখতে চাইছে? মানুষ তো লড়াই করতে চায়।

রমনার বটমূলে যখন বোমা হামলা হলো, তার পরের বছর বর্ষবরণের অনুষ্ঠানে মানুষ ভেঙে পড়েছে। অভিজিৎ রায়কে খুন করার পর তরুণেরা আরও বেশি সংখ্যায় বইমেলায় গেছেন। অল্পবয়সী তরুণেরা বলেছেন, মৃত্যুর ভয় দেখিয়ে তাঁদের সরিয়ে রাখা যাবে না। আমি মনে করি সংস্কৃতিকর্মীদের আরও সক্রিয় হওয়ার সুযোগ আছে। তাঁদের আরও দায়িত্ব নিতে হবে।

সংস্কৃতিকর্মীদের স্কুলে স্কুলে যেতে হবে। সবাই যে বড় গায়ক হবে, আবৃত্তিকার হবে, তা নয়। শিশুদের আলোকিত মন তৈরি করা, বিকশিত করার চেষ্টা করাটা খুব প্রয়োজন এখন। গান, কবিতা, গল্পের মধ্য দিয়ে এ কাজটা করতে হবে। আমাদের সংস্কৃতিকর্মীরা একসময় রাজপথে থেকেছেন, আন্দোলন করেছেন। এখন অন্ধকারের শক্তি জঙ্গি তৈরির কাজ করছে। তাদের বিপরীতে আলোকিত মানুষ তৈরির কাজটা এখনই শুরু করা দরকার।

আসাদুজ্জামান নূর: সংস্কৃতিমন্ত্রী