কাগজ তৈরির কারখানায় আগুন, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরায় অবস্থিত ‘বসুন্ধরা পেপার্স লিমিটেড’ নামের বসুন্ধরা গ্রুপের কাগজ তৈরির একটি কারখানায় গতকাল রোববার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাঁদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সোয়া নয়টার দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে সোনারগাঁ, নারায়ণগঞ্জ, বন্দর, দাউককান্দি এবং মুন্সিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। চার ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে কারখানার শ্রমিকদের স্বজনেরা কারখানা এলাকায় ভিড় করেন। তখন তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ঘটনার আধা ঘণ্টার মধ্যেই কারখানার আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
কারখানার নিরাপত্তারক্ষী আনসার সদস্য অসিম সরকার জানান, সকাল সাড়ে আটটার দিকে তিনি কারখানা থেকে বের হয়ে ভবেরচর বাজারে যান। সোয়া নয়টার দিকে ফিরে এসে দেখেন, কারখানার ৩ নম্বর ইউনিটে আগুন লেগেছে। ওই ইউনিটে বসুন্ধরার টয়লেট টিস্যু তৈরি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর থেকে কারখানার নিরাপত্তাকর্মী ও বসুন্ধরার লোকজন ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বেলা সোয়া একটার দিকে কারখানার উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।