মহানগর প্রভাতীর টিকিট কিনতে গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম স্টেশনে হাজির হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবিদুর রহমান। পরিবার-পরিজন নিয়ে তিনি যাবেন ব্রাহ্মণবাড়িয়া। কাউন্টারে তাঁর সামনে আরও জনা বিশেক টিকিটপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত হতাশ হয়ে আবিদুরকে স্টেশন ছাড়তে হয়েছে। কারণ কাউন্টারে পৌঁছানোর আগেই টিকিট বিক্রি শেষ। তবে আবিদুরের মতো যাঁরা সকালে না এসে রোববার দিবাগত রাতে এসে লাইনে দাঁড়িয়েছিলেন তাঁদের প্রায় সবাই টিকিট পেয়েছেন। এ জন্য তাঁদের অনেককেই প্ল্যাটফরমে খবরের কাগজ বিছিয়ে শুয়ে-বসে সকালের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। শেষ পর্যন্ত টিকিট পেয়ে তাঁদের বিষণ্ন মুখে হাসি ফুটেছে। টিকিট না পেয়ে আবিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া খুব কষ্টের। রাস্তা ভাঙাচোরা। বাসের ঝাঁকুনি সহ্য করতে আমরা অভ্যস্ত। কিন্তু শিশুরা তো পারে না। তবু কষ্ট সহ্য করেই বাসে যেতে হবে।’গতকাল সোমবার ঈদুল আজহার আগের দিন অর্থাৎ ৬ নভেম্বরের টিকিট বিক্রি করা হয়। ঈদ উপলক্ষে নাড়ির টানে কর্মজীবী মানুষের বাড়ি ফেরার চাপ শুরু হবে মূলত আগামী বৃহস্পতিবার থেকে। ওই দিন শেষ কর্মদিবস। তাই বৃহস্পতিবার থেকে ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল নামতে পারে। গত ২৭ অক্টোবর ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়। ওই দিন বিক্রি হয় আগামীকাল বুধবারের টিকিট। রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামীকাল বুধবারের টিকিটের জন্য চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের চাপ ছিল কম। তবে আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত চার দিনের টিকিটের জন্য প্রচণ্ড ভিড় হয় স্টেশনে। টিকিট ছাড়ার আগের দিন রাতে স্টেশনের কাউন্টারগুলোর সামনে অনেককে অবস্থান নিতে দেখা যায়। রেলসূত্র জানিয়েছে, গতকাল ঈদের আগের সব কটি ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। গত রোববার রাত সোয়া ১১টায় কাউন্টারের সামনে কাগজ বিছিয়ে অবস্থান নেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী রফিকুল আলম। সারা রাত অপেক্ষার পর গতকাল সকালেই তিনি ৬ নভেম্বরের ঢাকাগামী আন্তনগর গোধূলীর তিনটি শোভন-চেয়ার টিকিট পেয়ে যান। গতকাল ভোর পাঁচটায় স্টেশনে এসে লাইনে দাঁড়ান কুমিল্লাগামী যাত্রী সাহাবউদ্দিন। তাঁর প্রয়োজন ছিল মহানগর প্রভাতীর তিনটি শোভন চেয়ার। সকালেই পেয়ে যান কাঙ্ক্ষিত টিকিট। আনন্দে স্টেশন ছাড়েন তিনি। এর আগে প্রথম আলোকে বলেন, ‘খুব ভালো লাগছে। স্ত্রী-সন্তান নিয়ে আরামে ভ্রমণ করতে পারব।’ চট্টগ্রাম স্টেশনের সাতটি কাউন্টার থেকে ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী আটটি আন্তনগর ও মেইল ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। নারীদের জন্য এবার আলাদা কাউন্টারের ব্যবস্থা ছিল, যে কারণে অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি হতে হয়নি তাঁদের। সরেজমিনে দেখা গেছে, স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রির হারের তুলনায় ঘরমুখো মানুষের চাপ বেশি ছিল বলে অনেকেই খালি হাতে ফিরে গেছেন। টিকিটের জন্য কেউ কেউ কালোবাজারি অথবা দালালদের কাছে ছুটে গেছেন। চট্টগ্রাম রেলস্টেশনের অদূরে রিয়াজুদ্দিন বাজারের কিছু দোকানে দালালেরা দেড় থেকে দ্বিগুণ দামে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। রেলের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রোকনুজ্জামান কালোবাজারি দালালদের উৎপাতের কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কাউন্টার থেকে ৬৫ শতাংশ টিকিট বিক্রি হয়। বাকি ২৫ শতাংশ টিকিটের ওপর আমাদের হাত নেই। ওই টিকিটের কিছু অংশ দালালদের হাতে চলে যায়। ওরা চড়া দামে বিক্রি করে। অভিযোগ পেয়ে র্যাব-পুলিশ ইতিপূর্বে একাধিক অভিযান চালিয়েছে। তবে স্টেশনের প্ল্যাটফরম কিংবা আশপাশের এলাকায় দালালদের উৎপাত নেই।’ রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রীদের জন্য প্রতিদিন তিন হাজার ৮০০ টিকিট ছাড়া হয়। যাত্রার আগ মুহূর্তে প্রতিটি ট্রেনে ২৫ থেকে ৩০ শতাংশ নির্দিষ্ট আসনবিহীন ‘স্ট্যান্ডিং টিকিট’ ছাড়া হবে। তবে বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেসে আসনের বাইরে কোনো স্ট্যান্ডিং টিকিট ছাড়া হবে না বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে চট্টগ্রাম স্টেশনে শৃঙ্খলা রক্ষার জন্য র্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রেলের নিজস্ব নিরাপত্তা সদস্যরা আছেন। এ কারণে ঈদুল আজহার টিকিট বিক্রি নিয়ে ঘরমুখো যাত্রীরা কোনো ঝামেলা করেননি। যদিও রেলের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ টিকিট সংরক্ষণ করা আছে; তা সত্ত্বেও রেলের কর্মচারীরা নানা সময়ে কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে টিকিট নেওয়ার চেষ্টা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।