কাগজপত্র চাওয়ায় পুলিশ সার্জেন্টকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের বর্ণালীর মোড় এলাকায় গত রোববার বিকেলে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ার জের ধরে তিনজন যুবক পুলিশের এক সার্জেন্টকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে বেধড়ক পিটিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী মহানগর পুলিশের ওই সার্জেন্টের নাম আবু সাদেক (৩৫)। তাঁর বাড়ি নীলফামারীর ডোমরা উপজেলার পশ্চিম বুড়াগাড়ি গ্রামে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বিকেল সাড়ে তিনটার দিকে সার্জেন্ট আবু সাদেক রাজশাহী নগরের বর্ণালীর মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করছিলেন। এ সময় লাল রঙের একটি মোটরসাইকেলে তিনজন যুবক নগরের হেতেম খাঁ এলাকার দিক থেকে বর্ণালীর মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। আবু সাদেক ওই মোটরসাইকেলের চালককে থামতে বলেন। তাঁর কথায় চালক রাস্তার পাশে গাড়ি থামান। এরপর আবু সাদেক গাড়ির কাগজপত্র বের করতে বললে যুবকেরা তাঁর সঙ্গে তর্ক শুরু করেন। একপর্যায়ে তাঁরা ওই সার্জেন্টকে হুমকি দেন। পরিস্থিতি বেগতিক দেখে সার্জেন্ট তাঁদের মোটরসাইকেলটি ছেড়ে দেন।এরপর ওই যুবকেরা মোটরসাইকেল নিয়ে হেতেম খাঁ এলাকার দিকে ফিরে যান। কিছুক্ষণ পরই তাঁরা হেঁটে ফিরে এসে সার্জেন্ট সাদেকের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীদের মধ্যে দুজন তাঁকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে আবু সাদেক মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা ঘটনাস্থল থেকে বীরদর্পে চলে যান। ঘটনার সময় শতাধিক লোক দাঁড়িয়ে থেকে ঘটনাটি প্রত্যক্ষ করছিল, কিন্তু কেউ তাঁকে উদ্ধারে এগিয়ে আসেনি। হামলাকারী যুবকেরা চলে যাওয়ার পর আবু সাদেক ওয়্যারলেসবার্তা পাঠালে নগরে দায়িত্বরত অন্যান্য পুলিশ সার্জেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সার্জেন্ট সাদেকের ওপর হামলাকারী যুবকদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।