কাগজপত্র জাল, আসামির জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল এজাহার ও জব্দ তালিকা দাখিল করে একটি অস্ত্র মামলায় জামিন নেওয়া আসামি হুমায়ূন কবির ঝনুর জামিন বাতিল করেছেন উচ্চ আদালত। তাঁকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মুগদা থানায় করা অস্ত্র আইনের ওই মামলার অপর এক আসামি শহর আলী। আজ শহর আলীর জামিন আবেদনের শুনানিতে ওই ভুয়া এজাহার ও জব্দ তালিকা আদালতের নজরে এলে তা পর্যালোচনা করে ওই আদেশ দেওয়া হয়। পাশাপাশি শহর আলীর জামিন আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।

আদালতে শহর আলীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাসিমা আক্তার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

আইনজীবী সূত্র বলছে, গত বছরের ১৩ নভেম্বর মুগদা থানায় অস্ত্র আইনে পাঁচজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই দিনই পুলিশ চারজনকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. ফেরদৌস, হুমায়ূন কবির ঝনু, মো. শহর আলী ও মো. মানিক। ওই মামলায় হুমায়ূন কবির ঝনু হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁর জামিন দেন। এই মামলায় অপর আসামি শহর আলী জামিন আবেদন করেন, যা আজ শুনানির জন্য ওঠে।

সহকারী অ্যাটর্নি ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, শুনানিকালে একই যুক্তিতে শহর আলীর আইনজীবী তাঁর জন্য জামিনের আবেদন জানান। এ অবস্থায় জনুর দাখিল করা এজাহার ও জব্দ তালিকাটি সঙ্গে শহর আলীর দাখিল করা এজাহার ও জব্দ তালিকার তথ্যে অমিল দেখা যায়। জনুর আবেদনে দেখানো হয় তাঁর কাছ থেকে কোনো গুলি বা অস্ত্র উদ্ধার করা হয়নি। এ বিষয়টি পর্যালোচনা করে আদালত ওই আদেশ দেন।