কাগজপত্র জালিয়াতি করে পণ্য খালাসের চেষ্টা!
ভুয়া কাগজপত্র ব্যবহার করে খালাসের চেষ্টার অভিযোগে ১০ কনটেইনার পণ্য আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা৷ গতকাল বুধবার বন্দরের সিসিটি চত্বরে এসব কনটেইনার খুলে যাচাই-বাছাই করা হয়৷
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ভুয়া আমদানি দলিলপত্র বানিয়ে এসব পণ্য খালাসের চেষ্টা হয়েছিল৷ বিষয়টি শনাক্ত হওয়ার পর এসব পণ্য আটক করা হয়৷ এতে এক কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে বলে তিনি জানান৷
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, ঢাকার ফয়েজুদ্দিন অ্যান্ড কোম্পানি লিমিটেড তাইওয়ান থেকে ১০ কনটেইনার পণ্য আমদানি করে৷ গত ১৫ ডিসেম্বর এসব পণ্য জাহাজ থেকে নামানো হলেও খালাস করেনি আমদানিকারক প্রতিষ্ঠান৷ তবে পণ্য খালাসের জন্য বানানো জাল কাগজপত্রের একটি সেট গোয়েন্দা অধিদপ্তরের হাতে আসে৷ এসব কনটেইনারে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ২২০ টন প্লাস্টিক দানা রয়েছে৷ পেট বোতল তৈরিতে এসব দানা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়৷ তবে জাল কাগজপত্র বানিয়ে আমদানিকারক না অন্য কেউ পণ্য খালাসের চেষ্টা করেছিল, তা শনাক্ত করা যায়নি৷ প্রাথমিকভাবে পণ্য আটক করে বন্দরের হেফাজতে দেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়ার জন্য কাস্টম হাউস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর থেকে৷ এ বিষয়ে অধিদপ্তর থেকে মামলা দায়ের হবে৷
নিয়মানুযায়ী আমদানি দলিলপত্র জমা দেওয়ার পর শুল্কায়ন করা হয়৷ এরপর ব্যাংকে শুল্ক-কর পরিশোধের পর ছাড়পত্র দেওয়া হয়৷ এই ছাড়পত্র দেখিয়ে পণ্য খালাস করা হয়৷ তবে এ ক্ষেত্রে এসব ধাপের কাজ শেষ না করে জাল দলিলপত্র বানিয়ে পণ্য খালাসের চেষ্টা হয়েছিল৷