কাগজপত্র ঠিকঠাকে ব্যস্ত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে তিন বড় রাজনৈতিক দলের মনোনীত মেয়র পদপ্রার্থী এখন নির্বাচনী প্রচারণার পাশাপাশি নির্বাচনী কাগজপত্র ঠিকঠাক করতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে গতকাল মঙ্গলবারও মেয়র পদে আরও দুজন সম্ভাব্য প্রার্থী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
তিন বড় রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক মেয়র কশিরুল আলম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক মেয়র গোলাম হোসেন ২৮ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনী প্রচারণার জন্য সাংগঠনিক ও নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে বিএনপি-মনোনীত প্রার্থী বর্তমান মেয়র রাজিউর রহমান গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করলেও এ কয়েক দিন তিনি নিজের প্রচারণা চালিয়ে গেছেন।
আওয়ামী লীগের প্রার্থী কশিরুল আলম বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কাগজপত্র প্রস্তুত করতে খুবই ব্যস্ত থাকতে হচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে ভালোভাবে নামব।’
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম হোসেন বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের পর থেকেই কর্মী ও দল গোছাতে শুরু করব।’
বিএনপি-মনোনীত প্রার্থী রাজিউর রহমান বলেন, ‘আগে কাগজ-কলমের ঝামেলা শেষ করি। কাগজে ভুল থাকলে সব কর্মসূচিই ভেস্তে যাবে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পর্যন্ত মেয়র পদে পীরগঞ্জে মোট পাঁচটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি-মনোনীত প্রার্থী রাজিউর রহমান এবং উপজেলা জাসদের (ইনু) সভাপতি দ্বীপেন্দ্রনাথ রায়। এর আগে গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রার্থী কশিরুল আলম, জাপা (এ) প্রার্থী গোলাম হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবীর।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইকরামুল হক বলেন, গতকাল বিকেল পর্যন্ত সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ১০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এঁদের মধ্যে ১
নম্বর সংরক্ষিত আসনে তিনটি, ২ নম্বর চারটি এবং ৩ নম্বর আসনে তিনটি মনোনয়নপত্র নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
গতকাল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৫ জন। এঁদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে তিনটি, ২ নম্বরে চারটি, ৩ নম্বরে দুটি, ৪ নম্বরে পাঁচটি, ৫ নম্বরে তিনটি, ৬ নম্বরে চারটি, ৭ নম্বরে পাঁচটি, ৮ নম্বরে পাঁচটি এবং ৯ নম্বর ওয়ার্ডে চারটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা।