নম্বরপত্র ও প্রত্যয়নপত্র না দেওয়ায় জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গতকাল রোববার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
কলেজ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ফরহাদ উদ্দিন প্রায় দুই মাস ধরে কলেজে অনুপস্থিত। তিনি কলেজের সব প্রয়োজনীয় কাগজপত্র ও ২০১৫ সালের এইচএসসি (বিএম শাখার) পরীক্ষায় উত্তীর্ণ ১০০ শিক্ষার্থীর নম্বরপত্র ও প্রত্যয়নপত্র তাঁর কক্ষে তালা লাগিয়ে রেখেছেন। এতে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র নিতে পারছেন না। ফলে তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারছেন না।
এই অবস্থায় দ্রুত নম্বরপত্র, প্রত্যয়নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার দাবিতে শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টার দিকে গোপালপুর বাজার এলাকার জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরাও অবরোধে অংশ নেন। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার আশ্বাস পেলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কক্ষে তালা লাগিয়ে গত আগস্ট থেকে কলেজে অনুপস্থিত রয়েছেন। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের কাছে ১৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ফরহাদ উদ্দিনের মুঠোফোনে গতকাল তিন-চারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
হিসাব-সংক্রান্ত বিষয়ে অনিয়মের অভিযোগে ২০০৭ সালে মোফাজ্জল হোসেনকে অধ্যক্ষের পদ থেকে বরখাস্ত করা হয়। এরপর উপাধ্যক্ষ এ বি এম ফরহাদ উদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। ২০১৩ সালে মোফাজ্জল হোসেন রিট করলে হাইকোর্ট রুল জারি করেন। ২০১৪ সালের এপ্রিলে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মোফাজ্জল হোসেনকে পুনরায় কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করার নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে কলেজের ব্যবস্থাপনা কমিটি গত ফেব্রুয়ারিতে আপিল বিভাগে আপিল অনুমতির আবেদন করেন। গত ৬ জুলাই আপিল বিভাগ শুনানি শেষে ওই লিভ টু আপিল খারিজ করে দেন। ফলে গত ১৩ জুলাই মোফাজ্জল হোসেন পুনর্বহালের রায়সহ কলেজে যোগদান করেন।