কাগজপত্র ভুয়া ঋণ পেলেন না আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজার কৃষি ব্যাংক শাখায় জমির ভুয়া দলিল ও পর্চা দাখিল করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাঁচ লাখ টাকার ঋণের জন্য আবেদন করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষি ব্যাংক সূত্র জানায়, গত ৩১ মে কৃষি ব্যাংক সোনাপুর বাজার শাখায় নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান বিশ্বাস পাঁচ লাখ টাকার ঋণের আবেদন করেন। এ জন্য তিনি ব্যাংকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন বিষয়টি খতিয়ে দেখার জন্য ১০ জুন সোনাপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা করে দাখিলকৃত কাগজপত্রের সঙ্গে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি। উল্টো ওই সব কাগজপত্র ভুয়া বলে প্রমাণিত হয়। মো. শাহাবুদ্দিন অভিযোগে বলেন, ‘তাঁর কাগজপত্র দেখে আমার সন্দেহ হয়েছিল। বিষয়টি তাত্ক্ষণিকভাবে উপজেলা চেয়ারম্যান ও আঞ্চলিক ব্যবস্থাপককে জানানো হয়েছে। তাঁকে ঋণ দেওয়া হয়নি।’ মতিয়ার রহমান বিশ্বাস বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘দলীয় সভায় বিষয়টি উত্থাপন করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতাসীন দলের একজন নেতা হয়ে এত বড় জালিয়াতি করতে যাওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ অভিযুক্ত মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আমাকে হেনস্তা করা হচ্ছে। ঋণের ব্যাপারে আমার সব কাগজপত্রই বৈধ।’