কাগজপত্রে এক নাম সাইনবোর্ডে আরেক
নথিপত্রে কলেজের নাম বড়শালঘর আদর্শ কলেজ। অথচ কলেজ ভবনে ঝুলিয়ে রাখা সাইনবোর্ডে আছে এ বি এম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রি কলেজ। অভিযোগ আছে, ২০০৮ সালের ডিসেম্বরে এ বি এম গোলাম মোস্তফা সাংসদ নির্বাচিত হওয়ার পর কলেজের প্রশাসনিক ভবনে নিজের নামের সাইনবোর্ড ঝুলিয়ে দেন এবং নিজের প্রতিকৃতি দেয়ালে লাগিয়ে দেন।
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বড়শালঘর এলাকায় এ কলেজের অবস্থান। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কলেজের প্রশাসনিক তিনতলা ভবনে এ নামফলক লাগানো আছে। একই সঙ্গে ভবনে খোদাই করা আছে আওয়ামী লীগের সাবেক সাংসদের প্রতিকৃতি।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন কলেজ পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করে। এরপর ওই বছরের ২৫ সেপ্টেম্বর বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মো. সফিউল্লাহ শিক্ষাসচিবের কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে তিনি বলেন, ব্যক্তির নামে কলেজ প্রতিষ্ঠা বা কলেজের নামকরণের জন্য সরকারি বিধি অনুযায়ী কলেজের তহবিলে এককালীন ১৫ লাখ টাকা জমা দিতে হয়। কিন্তু সে মোতাবেক কলেজের তহবিলে ওই টাকা জমা নেই। এ অবস্থায় বিশেষ বিবেচনায় শর্তটি শিথিল করা যায় কি না, সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয় চিঠিতে। এরই পরিপ্রেক্ষিতে ২০০৩ সালের ১৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-৯ এর জ্যেষ্ঠ সহকারী সচিব আখতারী বেগম বোর্ডের চেয়ারম্যানকে একটি চিঠি দেন। এতে তিনি বলেন, ‘নামকরণে ১৫ লাখ টাকার শর্ত প্রমার্জনের বিষয়টি বিবেচনা করা সরকারের পক্ষে সম্ভব হলো না।’ এরপর আর বিষয়টি এগোয়নি।
কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ১ জুলাই বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামে বড়শালঘর আদর্শ কলেজ প্রতিষ্ঠা হয়। বর্তমানে তিন একর জায়গার ওপর কলেজে দুটি পাকা ভবন রয়েছে। কলেজে ১৮ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী আছেন। ১৯৯৭ সালের ১ জানুয়ারি কলেজটি এমপিওভুক্ত হয়। বর্তমানে এ কলেজের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এ বি এম গোলাম মোস্তফা।
কলেজের দুজন শিক্ষক বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এ বি এম গোলাম মোস্তফা কুমিল্লা-৫ (দেবীদ্বার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি কলেজের ভবনের গায়ে নিজের ছবি খোদাই করেন। একই সঙ্গে এ বি এম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রি কলেজ নাম জুড়ে দেন। এখন কাগজপত্রে এক নাম আর কলেজের নামফলকে আরেক নাম। এটা শিক্ষার্থী ও তাঁদের জন্য বিব্রতকর।
কলেজের অধ্যক্ষ আবদুল খালেক বলেন, ‘বড়শালঘর আদর্শ কলেজের নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন। এ বি এম গোলাম মোস্তফা ওই কলেজের জন্য জায়গা দিয়েছেন, তাই কলেজের নাম পরিবর্তন করে ওনার নামেই হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় টাকাও কলেজ তহবিলে আছে।’
গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, ‘২০০২ সালে কলেজ তহবিলে ১৫ লাখ টাকা না থাকায় তখন আমার নাম দেওয়া যায়নি। এখন ১৫ লাখ টাকা জমা আছে। এলাকার লোকজন ভালোবেসে আমার নাম জুড়ে দিয়েছে। শিগগিরই নাম পরিবর্তনের চিঠি পাওয়া যাবে।’
তবে কুমিল্লা বোর্ডের কলেজ পরিদর্শক তরুণ কুমার সরকার বলেন, কলেজের নাম পরিবর্তনের জন্য কোনো চিঠি তাঁদের কাছে আসেনি। বড়শালঘর আদর্শ কলেজ নামেই এটি পরিচিত। ওই নামেই কলেজের সব শিক্ষক, কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন। তা ছাড়া ইচ্ছে করলেই কেউ বিধিবহির্ভূতভাবে নিজের নাম কলেজের সঙ্গে জুড়ে দিতে পারেন না। অনুমোদন যে নামে আছে, তার বাইরে কিছু করা যাবে না। কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের হাতে কোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন করার ক্ষমতা নেই। বিষয়টি বোর্ডের কর্মকর্তারা খতিয়ে দেখবেন।