কাগজে আছে, বাস্তবে নেই প্রকল্পের নামে হরিলুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রকল্পের নামে চলছে হরিলুট। বিভিন্ন প্রকল্পের অনুকূলে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যানেরা এ ব্যাপারে কিছুই জানেন না। এমনকি নয়টি প্রকল্পের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমার নামে পাঁচটি প্রকল্পের প্রতিটির জন্য তিন টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পগুলো হলো—মিলনপুর নীলিমা চাকমার মাছ চাষ ও পুকুর সংস্কার, বড়াদম বিবিকা চাকমা গংয়ের মৎস্য চাষ, তুলাপাড়া দিগন্ত চাকমার পুকুর সংস্কার ও মৎস্য চাষ, বানছড়া রিপন চাকমার পুকুর সংস্কার ও মৎস্য চাষ এবং রস্যামনিপাড়ার রস্যামনি চাকমার গংয়ের পুকুর সংস্কার ও মৎস্য চাষ। তুলাপাড়ার দিগন্ত চাকমা বলেন, ‘আমার তো কোনো পুকুরই নেই। পুকুর সংস্কারের জন্য বরাদ্দের কথা প্রথম আপনার কাছে শুনলাম।’ রস্যামনি চাকমার পুত্রবধূ বীণা দেবী চাকমা বলেন, ‘আমার শ্বশুরের কোনো পুকুর নেই। প্রকল্প সম্পর্কে আমরা জানি না।’ বড়াদম বিবিকা চাকমার স্বামী প্রিয়সম্পদ চাকমা বলেন, ‘আমার স্ত্রীর নামে প্রকল্পের কথা আমরা জানি না।’ বানছড়ায় গিয়ে রিপন চাকমার প্রকল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, রিপন চাকমার দেখাও মেলেনি। শতরূপা চাকমা এ ব্যাপারে বলেন, ‘প্রকল্পগুলো সম্পর্কে আমি কিছুই জানি না। প্রকল্পের অনুকূলে কোনো খাদ্যশস্য ছাড় করিনি।’ তবে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সুগতি চাকমা দাবি করেন, শতরূপা চাকমার বরাদ্দের ডিও তাঁর হাতেই দেওয়া হয়েছে। রেজিস্টারে তাঁর স্বাক্ষর রয়েছে।কবাখালী ইউপির সদস্য হাতেম আলীর নামে দুটি প্রকল্পের অনুকূলে গত ৪ জানুয়ারি চার টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু একটিও বাস্তবায়ন হয়নি। প্রকল্প চেয়ারম্যান হাতেম আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রকল্প দুটি আমার নামে হলেও আমি এক টাকাও পাইনি। প্রকল্প দুটি এক ছাত্রলীগ নেতার।’ তবে তিনি ওই নেতার নাম বলেননি। গত ৪ জানুয়ারি কবাখালী ইউনিয়ন পরিষদের সদস্য এন্তাজ আলীর নামে কিন্ডারগার্টেন স্কুল থেকে আমবাগান পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পটিও বাস্তবায়ন হয়নি। প্রকল্প চেয়ারম্যান এন্তাজ আলী বলেন, ‘আমার এ প্রকল্পসহ তিন ইউপি সদস্যের নামে প্রকল্পের বরাদ্দ এনে বিক্রি করেছেন এক ছাত্রলীগ নেতা।’এ ব্যাপারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান রুইথি কার্বারি বলেন, ‘প্রকল্প দিয়েছি, বাস্তবায়ন হয়েছে কি না জানি না। যাদের নামে প্রকল্প, তাঁদের সঙ্গেই কথা বলুন।’ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব কার, জানতে চাইলে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।