পটুয়াখালীর বাউফল উপজেলার ১৪টি ইউনিয়নে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) বরাদ্দের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ সরকারি নিয়ম মেনে কাজের দরপত্র আহ্বান এবং ঠিকাদার নিয়োগ করা হয়নি বলেও জানা গেছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২০১১-১২ অর্থবছরে বাউফলের ১৪টি ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে নিজ নিজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সচিব এবং একজন মহিলা সদস্যের যৌথ নামে খোলা ব্যাংক হিসাবে দুই দফায় এক কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকা বণ্টন করে দেওয়া হয়। ২০১২-১৩ অর্থবছরে ১৪ ইউনিয়নে দুই দফায় এক কোটি আট লাখ ৫৬ হাজার ৪১ টাকা বণ্টন করে দেওয়া হয়, যা গত বছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করা হয়। ২০১৩-১৪ অর্থবছরে ইতিমধ্যে ১৪ ইউনিয়নে প্রথম দফায় ৭৮ লাখ ৭৭ হাজার ৭২০ টাকা বণ্টন করে দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৪টি ইউনিয়নে কাজের দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগ করা হয়নি৷ এ ছাড়া প্রকল্পস্থলে সাইনবোর্ড না টাঙিয়ে গত দুই অর্থবছরে নামমাত্র কাজ করে কাগজে-কলমে প্রকল্প দেখিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সিংহভাগ অর্থ আত্মসাৎ করেছেন৷
গত কয়েক দিনে ১৪ ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে কোনোটিতেই সাইনবোর্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি নাজিরপুরসহ কয়েকটি ইউনিয়নে প্রকল্পের অস্তিত্বই মেলেনি৷ ২০১২-১৩ অর্থবছরে নাজিরপুরের উত্তর চর মিয়াজান কামরুল মাস্টার বাড়ির দক্ষিণ পাশের খালের ওপর লোহার পুলের অসমাপ্ত কাজ শেষ করার নামে দুটি প্রকল্প দেখানো হয়েছে। এই প্রকল্পের নামে একই অর্থবছরে যথাক্রমে ৮০ হাজার ও ৭০ হাজার টাকা বরাদ্দ দেখিয়ে সব টাকা উত্তোলন করা হয়। বাস্তবে সেখানে কোনো লোহার পুল নেই।
নাজিরপুর ইউপির চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। ইউপি সচিব (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান বলেন, প্রকল্পের কাজ অন্য খালের ওপর করে দেওয়া হচ্ছে।
একই অর্থবছরে কালাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রঘু সাহা ও জুলফু তালুকদারের বাসা থেকে উত্তর দিকে রাস্তায় মাটি ভরাটকরণ প্রকল্পের ৪৮ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। একই ইউনিয়নের কালাইয়া বন্দর বড় মসজিদের পাশের রাস্তায় ড্রেন নির্মাণের নামে বরাদ্দের ৪৮ হাজার টাকা উত্তোলন করা হয়েছে৷ বাস্তবে ড্রেনের অস্তিত্ব মেলেনি৷
কালাইয়া ইউপির চেয়ারম্যান মনির হোসেন মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য মোর্শেদা বেগম বলেন, চেয়ারম্যানের নির্দেশেই টাকা উত্তোলন করা হয়েছে। আবার তাঁর সিদ্ধান্ত অনুযায়ী সব টাকার কাজ করা হবে।
২০১২-১৩ অর্থবছরে ৫০ হাজার টাকা ব্যয়ে আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা ফুল গাজী বাড়ির জামে মসজিদের পূর্ব পাশে নামমাত্র কালভার্ট নির্মাণ করা হয়। এর নিচের অংশে কোনো কাজ করা হয়নি। ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সামসু গাজী বলেন, ‘আমাকে চেয়ারম্যান সাহেব ৩৫ হাজার টাকা দিয়েছেন। ওই টাকার চেয়েও বেশি পরিমাণ কাজ করিয়েছি৷’
নাম প্রকাশ না করার শর্তে নাজিরপুর ও আদাবাড়িয়া ইউনিয়নের কয়েকজন সদস্য বলেন, অধিকাংশ চেয়ারম্যান সরকারদলীয় প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তাঁরা প্রতিবাদ করতে পারছেন না। মূলত অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যেই সাইনবোর্ড টাঙানো এবং ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি।
আদাবাড়িয়া ইউপির চেয়ারম্যান মো. সামসুল হক বলেন, ‘দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা না হলেও বরাদ্দের টাকা দিয়ে প্রকল্পের কাজ সঠিকভাবে করা হয়েছে।’ সাইনবোর্ড টাঙানো ও ঠিকাদার নিয়োগের বিষয়ে তিনি বলেন, বিধান থাকতে পারে। বর্তমান প্রকল্পগুলোতে সরকারি নীতিমালা মেনেই করা হবে।
ইউএনও এ বি এম সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন, নির্দেশ দেওয়ার পরও ঠিকাদার নিয়োগ করা হয়নি, টাঙানো হয়নি কোনো সাইনবোর্ড। সরেজমিনে প্রকল্পের অস্তিত্ব পাওয়া না গেলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।