বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রায় দেড় বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের জন্য ১০০টি গরু দেওয়া হয়। গরুগুলো ২০ লাখ টাকায় কেনার কথা ছিল। সেই গরুগুলোর কোনো হদিস নেই। আছে শুধু কাগজে-কলমে। অভিযোগ উঠেছে গরু না কিনে প্রকল্পের জন্য নির্বাচিত দরিদ্র ব্যক্তিদের নগদ টাকা দেওয়া হয়েছে। প্রতিটি গরু কেনার জন্য ২০ হাজার টাকা বরাদ্দ করা হলেও নির্বাচিত ব্যক্তিদের দেওয়া হয়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা করে।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) শিবগঞ্জ উপজেলা কার্যালয় থেকে জানা গেছে, এ প্রকল্পের প্রথম পর্যায়ে সরকার এ উপজেলায় ২৮ লাখ টাকা বরাদ্দ করে। এর মধ্যে ২০ হাজার টাকা করে মোট ১০০টি গরু কেনার জন্য ২০ লাখ বরাদ্দ করা হয়। উপজেলার চারটি ইউনিয়নকে এ প্রকল্পের আওতায় নেওয়া হয়। প্রতি ইউনিয়ন থেকে পাঁচটি গ্রাম নির্বাচন করে প্রতিটি গ্রামের ৬০টি পরিবারকে চূড়ান্তভাবে সম্পদ বিতরণের জন্য নির্বাচিত করা হয়। শূন্য দশমিক ৫ থেকে আড়াই একর পর্যন্ত জমির মালিকদের গরু ও ঋণসুবিধা দেওয়ার জন্য নির্বাচন করা হয়। ওই সময়ে বিভিন্ন হাট থেকে গরু কেনার রসিদ সংগ্রহ করে কাগজে-কলমে দেখানো হয়, গরু কেনা হয়েছে। উপজেলার জীবনপুর, বৈকণ্টপুর, ভাগখোলা গ্রামে গিয়ে দেখা গেছে, প্রকল্পের আওতায় যাঁরা গরু পাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন, তাঁদের কারও গোয়ালে গরু নেই। জীবনপুর গ্রামের রেজাউল হক বলেন, ‘এখানে-সেখানে অনেক ধরনা দিয়ে সে সময় তালিকায় নাম তুলতে পেরেছিলাম। পরে আমাকে অফিসের লোকজন গরু কেনার কথা বলে ১৫ হাজার টাকা দিয়েছে। এ টাকা আমি অন্য প্রয়োজনে খরচ করেছি। ২০ হাজার টাকার মধ্যে বাকি পাঁচ হাজার টাকা অফিসের খরচ লাগার কথা বলেছেন স্যাররা।’একই গ্রামের মেহেরুল ইসলাম বলেন, গরু কেনা বাবদ ২০ হাজার টাকার মধ্যে চার হাজার টাকা কেটে নিয়ে তাঁকে ১৬ হাজার টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে আট হাজার টাকায় একটি বাছুর কিনেছিলেন। পরে সেটি বিক্রি করে দেন তিনি। একটি বাড়ি একটি খামার প্রকল্পের শংকরপুর গ্রাম সমিতির ব্যবস্থাপক আমির খসরু বলেন, তাঁর গ্রামে যাঁরা এ প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তাঁদের সবাইকে ২০ হাজার টাকার পরিবর্তে ১৬ থেকে ১৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমার জানামতে, গরুগুলো এখন সুবিধাভোগীদের গোয়ালেই রয়েছে।’ টাকা কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমি জানি না। তখন আমি দায়িত্বে ছিলাম না।’