কাগজে-কলমে বিতরণ বাস্তবে মজুদ
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে ১৯৩ জন দুস্থ নারীর নামে ভিজিডির ২৩ মেট্রিক টন চাল কাগজে-কলমে বিতরণ দেখানো হয়েছে। বাস্তবে চালগুলো এখনো ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে মজুদ আছে।উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার ১০টি ইউনিয়নে দুই হাজার ২২৩ জন দুস্থ নারীর নামে ভিজিডি কার্ডের তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে ভান্ডারবাড়ি ইউপির ১৯৩ জন নারী ভিজিডি তালিকাভুক্ত। গত জানুয়ারি থেকে ভিজিডি তালিকাভুক্ত দুস্থ নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল বা গম দেওয়া হচ্ছে। একজন তদারক কর্মকর্তার উপস্থিতিতে ভিজিডির এসব চাল বিতরণ করা হয়। ভান্ডারবাড়ি ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদারকি কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও মহিলাবিষয়ক কর্মকর্তাকে সদস্য-সচিব করে উপজেলা ভিজিডি কমিটি গঠন করা হয়।বিধি অনুযায়ী, প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে চাল বিতরণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে হয়। উপজেলার নয়টি ইউনিয়নে জুন পর্যন্ত ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। কিন্তু ভান্ডারবাড়ি ইউনিয়নের ১৯৩ জন নারীকে শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ভিজিডি কার্ডের বিপরীতে চাল দেওয়া হয়েছে। অবশিষ্ট চার মাসের ২৩ দশমিক ১৬ মেট্রিক টন চাল কার্ডধারী নারীদের মাঝে বিতরণ না করে ইউপি ভবনে মজুদ রাখা হয়েছে। অথচ উপজেলা ভিজিডি কমিটির সদস্য-সচিব আনজুমানয়ারা বানু ওই চালই কাগজে-কলমে বিতরণ দেখিয়ে উপজেলা ভিজিডি কমিটির সভাপতির কাছে প্রতিবেদন দাখিল করেছেন।ভান্ডারবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘তালিকা নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় গত চার মাস চাল বিতরণ করা হয়নি। চাল উত্তোলন করে বিতরণ দেখানো না হলে পরের মাসের চাল ফেরত যেত। এ কারণে দুস্থদের কথা ভেবেই চালগুলো উত্তোলন করে পরিষদ ভবনে মজুদ রেখেছি।’উপজেলা ভিজিডি বিতরণ কমিটির সদস্য-সচিব উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনজুমানয়ারা বানু বলেন, ‘কে, কীভাবে ভিজিডি কার্ডের নামের তালিকা তৈরি করেছে তা আমাকে কেউ জানায়নি। আমি শুধু চেয়ারম্যানদের বিতরণকৃত নামের তালিকা নিয়ে সভাপতির কাছে প্রতিবেদন দাখিল করেছি।’উপজেলা ভিজিডি কার্ড বিতরণ কমিটির সভাপতি ইউএনও আতাউল গণি বলেন, ‘আমি এখানে যোগদানের আগেই চাল উত্তোলন করা হয়েছে। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব।’ কয়েক দিনের মধ্যে সব চাল বিতরণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।