কাগজে-কলমেই জাতীয় মহাসড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী-ফেনী ৪৯ কিলোমিটার সড়কটি কাগজে-কলমেই জাতীয় মহাসড়ক। ২০০৩ সালে জাতীয় মহাসড়কে উন্নীত করা হলেও এখন পর্যন্ত এর কোনো কাজ হয়নি। প্রশস্ততা না বাড়ানোর কারণে এ পথ দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-ফেনী জাতীয় মহাসড়কের মধ্যে নোয়াখালী অংশে ২৯ কিলোমিটার। বাকি অংশ ফেনীর মধ্যে পড়েছে। এর প্রশস্ত মাত্র ১৮ ফুট। অথচ জাতীয় মহাসড়কের প্রশস্ত থাকার কথা ন্যূনতম ২৪ ফুট। সর্বশেষ ১৯৯২-৯৩ অর্থবছরে এ সড়ক চওড়া করার কাজ হয়। তবে চৌমুহনী শহরের যানজট নিরসনের লক্ষ্যে সড়কটির চৌমুহনী জিরো পয়েন্ট থেকে ফেনীর দিকে চার কিলোমিটার চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় প্রশস্ততা বাড়ানোর কাজ চলছে। এই সড়ক দিয়ে ঢাকা-নোয়াখালী, চট্টগ্রাম-রামগঞ্জ-রায়পুর-লক্ষ্মীপুর, ফেনী-নোয়াখালী, চট্টগ্রাম-কানকিরহাট-নোয়াখালী এবং চট্টগ্রাম-লক্ষ্মীপুর-ভোলা-মাদারীপুর রুটের কয়েক শ যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অসংখ্য যানবাহন চলাচল করে। দেখা গেছে, মহাসড়ক ঘেঁষে সেবারহাট, ভূঁইয়ারদীঘি, জমিদারহাট, সমীরমুন্সীর হাট, সেতুভাঙ্গাসহ বিভিন্ন স্থানে বাজার ও দোকানপাট গড়ে উঠেছে। এসব স্থানে প্রায়ই যানজট লেগে থাকায় যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হন।এ সড়ক দিয়ে চলাচলকারী বাসের চালক মো. হামিদ বলেন, ‘সড়কটি নামেই মহাসড়ক। কারণ এটি এতই সরু যে দুটি গাড়ি পাশাপাশি চলা কঠিন। একটু এদিক-সেদিক হলেই দুর্ঘটনা ঘটে।’ একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির প্রতিনিধি আতিকুর রহমান জানান, এই সড়কটি এতটাই সরু যে দুটি বড় গাড়ি পাশাপাশি চলার সময় অনেক ক্ষেত্রে মোটরসাইকেল নিয়ে পাকা রাস্তা থেকে নেমে যেতে হয়। রায়পুর-চট্টগ্রাম পথের বাসচালক মো. শাহজাহান জানান, ফেনী-নোয়াখালী সড়ক দিয়ে এখন আগের চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে। কিন্তু সড়ক আর প্রশস্ত হয়নি। বিআরটিএর সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান জানান, এ মহাসড়কে কী পরিমাণ যানবাহন চলাচল করে সঠিক হিসাব তাঁদের কাছে নেই।সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের প্রশস্ততা বাড়ানোর জন্য আমরা সরাসরি কিছু করতে পারি না। এ জন্য মাসখানেক আগে একটি প্রকল্প তৈরি করে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কর্তৃপক্ষ এটি পাস করলেই উন্নয়নকাজ শুরু করা যাবে।’