কাগজে ছাপা কার্যতালিকা থাকছে আরও ১৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ ফেব্রুয়ারি থেকে কাগজে ছাপানো দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও আইনজীবীদের অনুরোধে আরও ১৫ দিন তা ছাপা অব্যাহত রাখছেন সুপ্রিম কোর্ট। এরপর থেকে কার্যতালিকা থাকবে শুধু অনলাইনে।

আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টে কাগজের কার্যতালিকা থাকছে না। এর পরপরই জরুরি সভা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিকেলে আইনজীবী সমিতির নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীরা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, আইনজীবীদের অনুরোধে প্রধান বিচারপতির আরও ১৫ দিন কার্যতালিকা কাগজে ছাপানোর নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে আইনজীবীরা এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে অনলাইন কার্যতালিকার সঙ্গে অভ্যস্ত হতে পারবেন।
এর আগে দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৩১ জানুয়ারি থেকে প্রতিদিন রাত সাড়ে আটটার মধ্যে সবগুলো বেঞ্চের পরবর্তী দিনের কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চূড়ান্তভাবে প্রকাশিত হবে। অনলাইনে প্রকাশিত এ কার্যতালিকা প্রয়োজনমতো প্রিন্ট নিয়ে বিচারপতি, আইনজীবী, বিচারপ্রার্থী বা যেকোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন। মোবাইল অ্যাপসের মাধ্যমেও অনলাইনে এ কার্যতালিকা পাওয়া যাবে।
কাগজে ছাপানো কার্যতালিকা বাদ দেওয়ার যুক্তি হিসেবে সৈয়দ আমিনুল ইসলাম বলেন, বর্তমানে কার্যতালিকা ছাপতে সুপ্রিম কোর্টের বছরে ২১ কোটি টাকা খরচ হয়। অথচ গ্রাহক চাঁদা থেকে পাওয়া যায় মাত্র ৬০ লাখ টাকা। বাকি টাকা সুপ্রিম কোর্টকে ভর্তুকি দিতে হয়। এ ছাড়া কাগজে ছাপানো কার্যতালিকার কলেবর অনেক বড় ও পরিবেশবান্ধব নয়। তিনি বলেন, গত নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন কার্যতালিকা চালু হয়েছিল। সফল পরীক্ষা শেষে কার্যতালিকা ছাপা উঠিয়ে দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সুপ্রিম কোর্টের জামিন নিশ্চিতকরণের (বেইল কনফারমেশন) প্রক্রিয়াটিও অনলাইনভিত্তিক করা হয়েছে। এর ফলে বিচারপ্রার্থীদের হয়রানিও বহুগুণ কমেছে। এক প্রশ্নের জবাবে রেজিস্ট্রার জেনারেল বলেন, সুপ্রিম কোর্টের প্রধান ও অ্যানেক্স ভবনে দুটি সাপোর্ট সেন্টার থাকবে, যেখান থেকে অনলাইনে মামলা খুঁজে পেতে আইনজীবীরা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজসহ রেজিস্ট্রারের কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।