কাগজের আসবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতলা পাকা বাড়ি। চারটি কামরা। শোয়ারঘর দুটিতে একটি করে খাট, আলমারি, শো-কেস, ওয়ারড্রোব ছাড়াও রয়েছে সোফা, টিভি রাখার ছোট টেবিল। ওয়ারড্রোবের ওপর সারি সারি ফুলদানি কামরা দুটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। রান্নাঘরেও সাজিয়ে রাখা হয়েছে কয়েকটি ঝুড়ি। রয়েছে বসার পিঁড়ি, মোড়া, চেয়ারসহ নানা উপকরণ। এর মধ্যে আলমারি, শো-কেস, ওয়ারড্রোব কাঠের তৈরি হলেও অন্যগুলো একটু ভিন্ন রকম। কিসের তৈরি জানতে চাইলে গৃহকর্তা মলিন বিশ্বাসের সংক্ষিপ্ত উত্তর, ‘কাগজের’।চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হিন্দুপাড়া গ্রামে বাস করেন মলিন বিশ্বাস ও তাঁর স্ত্রী শিল্পী বিশ্বাস। তাঁদের ছোট দুটি ছেলেমেয়ে আছে। ঘরকন্নার পাশাপাশি কাগজ দিয়ে নানা গৃহ-উপকরণ তৈরি করে বাড়তি উপার্জনের পথ করে নিয়েছেন এই দম্পতি।মসৃণ, ঝকঝকে-তকতকে এসব আসবাব সম্পর্কে জানতে চাইলে শিল্পী বিশ্বাস বলেন, ‘আমার স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন। ২০০৪ সালে চট্টগ্রাম ফৌজদার হাট ক্যাডেট কলেজের আবাসিক ভবনে থাকাকালে স্বামীর এক সহকর্মীর স্ত্রীর কাছ থেকে এ কাজ শিখেছি।’বিশ্বাস দম্পতির মতো মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের ৩০-৩৫টি পরিবারের নারীরাও কাগজের আসবাব বানান। কাগজের তৈরি এসব আসবাব রাজৈর উপজেলায় বেচাকেনা হচ্ছে। উপজেলার মজুমদারকান্দি গ্রামের জাহানারা বেগম বলেন, ‘আমরা এসব জিনিস শখের বশে বানাই। তবে এগুলো অনেক কাজে লাগে। প্লাস্টিকের আসবাবের বিকল্প হিসেবে ঘরে আমরা এগুলো ব্যবহার করি। এ ছাড়া উপহার হিসেবেও দেওয়া যায়।’তৈরির প্রক্রিয়া: সাদা বা রঙিন, এমনকি ফেলে দেওয়া পুরোনো কাগজ, পত্রিকা দিয়েও আসবাব বানানো যায়। কাগজ টুকরো টুকরো করে একটি পাত্রে পানি দিয়ে প্রায় তিন-চার ঘণ্টা ভিজিয়ে নরম করে নেওয়া হয়। এরপর থেঁতলে ময়দার মতো মণ্ড তৈরি করা হয়। মণ্ডের সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে আঠার মতো করে নেওয়া হয়। পোকা ও ইঁদুর যাতে না খায়, সে জন্য মণ্ডের সঙ্গে তুঁত মেশানো হয়। এরপর বানানো হয় হরেক রকম গৃহ-উপকরণ।রাঙ্গুনিয়ার শিল্পী বিশ্বাস জানান, ফুলের টব, ঝুড়ি ও খেলনা বানানোর আগে এগুলোর আকৃতিটা তিনি মনে মনে এঁকে নেন। পরে মণ্ডের সঙ্গে মণ্ড লাগিয়ে, ইটের গাঁথুনির মতো শক্ত অবকাঠামো গড়ে তোলা হয়। তিনি জানান, মণ্ড দিয়ে একবারে কোনো আসবাব বানানো সম্ভব নয়। মণ্ডের ওপর মণ্ড লাগানোর সময় তা একটু একটু করে খসে পড়ে। রোদে শুকিয়ে তা শক্ত করে নিতে হয়। প্রতিটি আসবাব তৈরিতে কমপক্ষে ছয়-সাত দিন সময় লাগে।প্রতি কেজি কাগজের মণ্ড দিয়ে ৩০০ টাকা দামের বড় আকৃতির একটি ফুলের টব, ৬০ কেজি কাগজ দিয়ে পাঁচ-ছয় হাজার টাকা দামের এক সেট সোফা, আট কেজি কাগজ দিয়ে দুই হাজার টাকা দামের একটি টেবিল তৈরি করা যায়। কিন্তু খরচ হয় বিক্রয়মূল্যের ১০ ভাগের এক ভাগ মাত্র।রোদে শুকানো ও রং: আসবাব তৈরির সময় নয়, তৈরি শেষে চার-পাঁচ দিন রোদে শুকাতে হয়। রোদে যতই শুকিয়ে নেওয়া যায়, আসবাব ততই শক্ত হয়; যা মাটিতে আছড়ে পড়লেও ভাঙে না, দাগ পড়ে না। রাঙ্গুনিয়ার শিল্পী ও রাজৈরের জাহানারা জানান, রোদে শুকানোর পর উপকরণটি সিরিষ কাগজ দিয়ে ঘষে তেলতেলে করে নেওয়া হয়। তারপর চলে রং ও তুলির কাজ। তবে পানি থেকে কাগজের তৈরি এসব গৃহ-উপকরণ দূরে রাখতে হবে।ব্যবসায়ীদের মত: চট্টগ্রাম শহরের রিয়াজ উদ্দিন বাজারের উপহারসামগ্রী বিক্রেতা আবদুল হামিদ জানান, কাগজের তৈরি গৃহ-উপকরণ কাঠ ও অন্য ধাতব পদার্থের তৈরি উপকরণের চেয়ে সুন্দর ও সস্তা। তিনি জানান, বাজারে কাগজের আসবাবের চাহিদা বেশি থাকলেও সরবরাহ অপ্রতুল।