কাগজে-কলমে আছে বাস্তবে নেই
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে একজন এমবিবিএস চিকিৎসক থাকলেও বাস্তবে নেই। সেখানে চিকিৎসাসেবা দেন ফার্মাসিস্ট ও একজন চিকিৎসা সহকারী। তাঁরা অনুপস্থিত থাকলে কাজ করেন এমএলএসএস।
ওই উপস্বাস্থ্যকেন্দ্রটি উপজেলার লোহানীপাড়া, কুতুবপুর ইউনিয়ন ও সীমানা ঘেঁষে অবস্থিত মিঠাপুকুর উপজেলার বড়বালা এবং ময়েনপুর ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের চিকিৎসার ভরসাস্থল। এখানে চিকিৎসকের উপস্থিতির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেও কোনো প্রতিকার পাননি।
গত বুধবারও উপস্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ ছিল। এ অবস্থায় এলাকার বাসিন্দা আবদুস সালাম নামের একজন ভুক্তভোগী এই প্রতিবেদককে ফোন করে পরিস্থিতি জানান। পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, চিকিৎসা দিচ্ছেন নাজির রহমান নামের একজন চিকিৎসা সহকারী। ওষুধ দিচ্ছেন ফার্মাসিস্ট একরামুল হক।
নাজির রহমান বলেন, ‘আমি এখানে নিয়োগপ্রাপ্ত নই। টিএইচও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) স্যারের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাঝেমধ্যে এসে চিকিৎসা দিই।’ ফার্মাসিস্ট একরামুল হক বলেন, ‘টিএইচও স্যার আমাকে গত ২৫ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ৬ জানুয়ারি পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করে আজ (বৃহস্পতিবার) এসেছি।’
এমএলএসএস জগবন্ধু বর্মণ বলেন, ‘শুনেছি, এখানে একজন ডাক্তার আছেন। কিন্তু তাঁকে কোনো দিনও চোখে দেখিনি। কেউ না থাকলে রোগীদের জ্বর, মাথাব্যথা ও পাতলা পায়খানার ওষুধ আমি দিই।’ বুধবার তিনি ব্যক্তিগত কাজে কুতুবপুর ইউনিয়ন পরিষদে থাকায় স্বাস্থ্যকেন্দ্র বন্ধ ছিল বলে জানান।
দুপুরে মুঠোফোনে কথা হয় উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক উম্মে হাবিবার সঙ্গে। তিনি বলেন, ‘আমি নিয়োগপ্রাপ্ত হলেও আমাকে প্রতিদিন রোগী দেখতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাই সেখানে যাওয়া সম্ভব হয় না।’
টিএইচও মোখলেসুর রহমান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে ডা. উম্মে হাবিবাকে এখানে আনা হয়েছে। ওষুধ বিতরণের জন্য ফার্মাসিস্টকেও আনা হয়েছিল।’