কাগজে-কলমে নিরসন হচ্ছে শিশুশ্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি–বেসরকারি নানা প্রচারণা সত্ত্বেও বন্ধ হয়নি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম৷ আইন অমান্য করে অনেক কারখানায় শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়৷ ছবিটি গতকাল কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকা থেকে তোলা l হাসান রাজা
সরকারি–বেসরকারি নানা প্রচারণা সত্ত্বেও বন্ধ হয়নি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম৷ আইন অমান্য করে অনেক কারখানায় শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়৷ ছবিটি গতকাল কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকা থেকে তোলা l হাসান রাজা

অ্যালুমিনিয়ামের গুঁড়ায় সারা মুখ ঢাকা৷ গায়ের রং বা চেহারার আদলটাও বোঝা যাচ্ছে না। খুব বেশি হলে নয় বা দশ বছরের রাব্বিকে দেখতে অনেকটা কালচে রুপালি প্রলেপ দেওয়া শিশুর মূর্তি বলেই মনে হচ্ছিল। কৌতূহলবশে জানতে চাওয়া, তুমি দেখতে কেমন? রাব্বির শিশুসুলভ জবাব, ‘আমি আসলে ফরসা, শিরীষ কাগজ দিয়া মাল পালিশ করি তো, তাই এমুন দ্যাখা যায়।’
পটুয়াখালীর রাব্বি অ্যালুমিনিয়ামের টুকরা পালিশ করছিল৷ টুকরাগুলো যন্ত্রে বসিয়ে হাঁড়িপাতিল বানাচ্ছিল তার চেয়ে বয়সে একটু বড় কয়েকজন। দিনের বেলাতেও ঘুপচি ঘর প্রায় অন্ধকার। ওপরে পাখা চললেও প্রচণ্ড গরম। যন্ত্রের শব্দে পাশের জনের কথা বুঝতেও কষ্ট হয়।
কেরানীগঞ্জের জিনজিরার তাওয়াপট্টির দৃশ্য এটি৷ সেখানকার কারখানাগুলোর শ্রমিকদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এ চিত্র দেখা যাবে দেশের অনেক ক্ষুদ্রশিল্প এলাকাতেই৷
ব্যথা লাগলেও কাজ বন্ধ নেই: রাব্বির বাবা মারা গেছেন। ছোট বোন এবং মায়ের পুরো দায়িত্বই তার ঘাড়ে। লেখাপড়া করে না সে৷ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করে সপ্তাহে পায় এক হাজার ২০০ টাকা। এক দিন কামাই হলে কাটা যায় ২০০ টাকা। তাওয়াপট্টির আরেক শিশুশ্রমিক সাগর (১৫) ২০০৭ সাল থেকে অ্যালুমিনিয়ামের কারখানায় কাজ করছে। বুকের সঙ্গে লাগানো একটি মোটা লাঠির সাহায্যে ভারী যন্ত্রে একটার পর একটা হাঁড়ি বানাতে বানাতেই সাগর বলে, ‘বুকে ব্যথা লাগে। এক দিন কাম না করলে মহাজন বাড়ি থেইক্যা তুইল্যা আনে।’
শিশুশ্রম নিরসনে আইন, নীতিমালার কমতি নেই। তবে রাব্বিসহ একাধিক শিশুশ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেল, গত এক-দেড় বছরের মধ্যে সরকারের কোনো কর্মকর্তা তাদের কারখানা পরিদর্শনে যাননি। আইন বা নীতির কথাও কেউ বলেননি।
সরকারের তৈরি করা ৩৮টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের তালিকার ১ নম্বরেই আছে অ্যালুমিনিয়াম/অ্যালুমিনিয়ামজাত দ্রব্য তৈরি। এ কাজের ফলে শিশুরা নিউমোনিয়া, কাশি, রক্ত কাশি, আঙুলে দাদ ও গ্যাংগ্রিন, দুর্ঘটনাজনিত শারীরিক ক্ষতি, পায়ের রগ ফুলে যাওয়া, শিরায় রক্ত জমাট বাঁধা এবং শ্রবণশক্তি লোপ পাওয়ার মতো বিভিন্ন শারীরিক সমস্যার শিকার হতে পারে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে। তবে শিশু রাব্বি দূরে থাক, ওই কারখানার মালিক পর্যন্ত এ তালিকার ব্যাপারে কিছু জানেন না৷
শিল্পকারখানার বাইরে গৃহকর্মে নিয়োজিত শিশুর সংখ্যাও অনেক৷ তাদেরও অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়৷ কিন্তু শিশুশ্রম নিয়ে কাজ করা এবং মানবাধিকারকর্মীদের জোরালো দাবি সত্ত্বেও ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় গৃহকর্মকে স্থান দেয়নি সরকার৷
সংখ্যাই জানা নেই: সরকার শিশুশ্রম নিরসনে অঙ্গীকার করেছে৷ তবে দেশে এই মুহূর্তে শিশুশ্রমিকের সংখ্যা কত সে তথ্যই নেই৷ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পরিচালিত ২০০২-০৩ সালের সর্বশেষ জাতীয় শিশুশ্রম জরিপ অনুযায়ী, ৭৪ লাখ শিশু বিভিন্ন ধরনের কাজে যুক্ত৷ ওই জরিপে সপ্তাহে ৪৩ ঘণ্টার বেশি কাজ করে এমন শিশুদের শিশুশ্রমিক ধরা হয়েছে৷ সে হিসাবে তখন দেশে শিশুশ্রমিক ছিল ৪৭ লাখ। এদের মধ্যে ১৩ লাখ ঝুঁকিপূর্ণ

শ্রমে নিয়োজিত। পরিসংখ্যান ব্যুরো আরেকটি জরিপ করছে৷ এর ফলাফল পাওয়ার পর শিশুশ্রমিকের বর্তমান সংখ্যা জানা যাবে।
কাগজেকলমেই সীমাবদ্ধ: ২০১০ সালের জাতীয় শিশুশ্রম নিরসন নীতি বাস্তবায়নের জন্য জাতীয় কর্মপরিকল্পনা (২০১২-২০১৬) তৈরি করা হয়েছে। এতে ২০১৬ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের অঙ্গীকার করা হয়েছে। ৬৫টি সুনির্দিষ্ট কর্মসূচিভিত্তিক এ কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য ৭১২ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার একটি বাজেটও প্রস্তাব করা হয়েছে৷ তবে প্রাতিষ্ঠানিক পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটি, জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ গঠনসহ কর্মপরিকল্পনার অনেক কিছুই এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০০৯ সালে শিশুশ্রম ইউনিট গঠন করে। তবে বর্তমানে এর কোনো কার্যক্রম নেই৷
একটি সাম্প্রতিক গবেষণা: গত বছরের ডিসেম্বরে টেরেডেস হোমস-নেদারল্যান্ডস ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের সহায়তায় সাভার উপজেলায় ‘এক্সপ্লয়টেশন ইন চাইল্ড লেবার কেস অব সাভার উপজেলা’ শীর্ষক গবেষণা চালান আবদুল্লাহ-আল মামুন৷ তাঁদের জিরপে অংশ নেওয়া দুই হাজার পাঁচজন শিশুশ্রমিকের মধ্যে ৮৫ শতাংশেরও বেশি অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। ৪৭ শতাংশই জানায়, মা-বাবা তাদের কাজ করতে বাধ্য করেছেন। গবেষক আবদুল্লাহ-আল মামুন প্রথম আলোকে বলেন, এদের ৯২ শতাংশই শিশু অধিকার কাকে বলে তা জানে না। ৬১ শতাংশ সপ্তাহের সাত দিনই কাজ করে। ৮৪ শতাংশ দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করে। ৯৩ শতাংশ শিক্ষা এবং ৯৫ শতাংশের বেশি শিশু খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত।
সমন্বয়ের অভাব: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসনে একটি প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৫০ হাজার শিশুকে শ্রম থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে৷ তবে চলতি জুনে সমাপ্য এ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে৷ অন্যদিকে বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে ২০১৬ সালের মধ্যে ৫১ হাজার ৫০০ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে ফিরিয়ে আনতে কাজ করছে। আরও কিছু বেসরকারি এবং আন্তর্জাতিক সংগঠন এ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব কার্যক্রমের মধ্যে কোনো সমন্বয় নেই।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (শ্রম) মোহাম্মদ ফয়জুর রহমান শিশুশ্রম নিরসনে যথেষ্ট কাজ হচ্ছে না তা মানতে নারাজ। তিনি প্রথম আলোকে বলেন, শিশুশ্রম নিরসনের জন্য গৃহীত কর্মপরিকল্পনার ভিত্তিতে জাতীয় এবং উপজেলা পর্যায় পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে। শিশুশ্রম ইউনিটের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকা বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয়েছে। তবে শিশুশ্রম নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন৷