কাগজে-কলমে যাত্রী ৫৫ জন মুন্সিগঞ্জে গিয়ে ৩১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে শরীয়তপুরের সুরেশ্বরের উদ্দেশে ছাড়ার সময় এমভি মিরাজ-৪ লঞ্চটিতে কাগজে-কলমে যাত্রী ছিলেন ৫৫ জন। এর বাইরে লঞ্চে ১৪ জন শিশু ও ১৪ জন নৌযানকর্মী ছিলেন। কিন্তু ১৮ মে দুপুরে লঞ্চটি ডুবে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি যাত্রী হিসাবের েয খাতা উদ্ধার করেছে, তাতে যাত্রীসংখ্যা লেখা আছে ৩১৮ জন।
ওই লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৫৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ দুর্ঘটনার পর সাঁতরে তীরে উঠেছেন অন্তত ৪০ জন যাত্রী৷ সদরঘাটে অবস্থিত নৌপরিবহন অধিদপ্তরের কার্যালয়ে রক্ষিত এমভি মিরাজ-৪-এর চলাচলের অনুমতিপত্রে দেখা যায়, লঞ্চটির সদরঘাট থেকে সরাসরি শরীয়তপুরে যাওয়ার কথা ছিল। মাঝপথে কোথাও থামার অনুমতি ছিল না৷ লঞ্চটিতে দিনে ২০২ জন ও রাতে ১০২ জন যাত্রী নেওয়ার অনুমতি ছিল। কিন্তু এই শর্ত লঞ্চটি যে মানেনি, যাত্রীর হিসাবই তার প্রমাণ৷
এমভি মিরাজ-৪ ডুবে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান নৌবাণিজ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার কারণ চিহ্নিত করার ক্ষেত্রে আমরা চারটি দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। এক সপ্তাহের মধ্যে তদন্তকাজ শেষ করা হবে৷’
সদরঘাটে দায়িত্বরত অভ্যন্তরীণ নৌযান কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, বেশির ভাগ নৌযানই যাত্রা শুরু করার পর মাঝপথে যাত্রী নেয়। ট্রলার ও নৌকায় করে অনেকে মাঝনদী থেকে লঞ্চে ওঠেন। যাত্রীরা যাতে নৌকা নিয়ে লঞ্চে উঠতে পারেন, সে জন্য অনেক এলাকায় লঞ্চ পাড়ের কাছাকাছি দিয়ে যায়৷ মাঝপথ থেকে যাত্রী নিলে ভাড়াও কম নেওয়া হয়। এ ছাড়া যাত্রী বাবদ কর ফাঁকি দিতে অনেক লঞ্চ কর্তৃপক্ষ মাঝপথ থেকে বেশি যাত্রী নেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন কর্মকর্তা জানান, ত্রুটিপূর্ণ নকশা লঞ্চ দুর্ঘটনার অন্যতম কারণ হলেও যাত্রী ব্যবস্থাপনার সমস্যার কারণে দুর্ঘটনা হয়৷ লঞ্চের বাড়তি যাত্রীদের বেশির ভাগই আসন না পেয়ে কোনো একটি প্রান্তে অবস্থান নেন। কালবৈশাখী, ঝোড়ো হাওয়া বা পানির ঘূর্ণির মধ্যে পড়লে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কোনো একটি প্রান্তে চলে আসেন৷ এতে লঞ্চটি আরও ভারসাম্যহীন হয়ে পড়ে এবং একপর্যায়ে দুর্ঘটনায় পড়ে৷
এ ছাড়া মার্চ থেকে মে মাস পর্যন্ত কালবৈশাখী বেশি হওয়ায় এ সময়ে প্রায়ই নদীবন্দরের জন্য সতর্কসংকেত দেওয়া হয়। এ সময়ে ৬০ ফুটের কম আয়তনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়। এ সময়ে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সমন্বয়ে একটি প্রতিনিধিদলের সদরঘাট টার্মিনালে নকশাবিহীন ও ত্রুটিপূর্ণ নৌযান চলছে কি না, তা পরীক্ষা করার কথা। তবে এমন নৌযানকে জরিমানা করতে পারে না এই দল৷
সদরঘাট টার্মিনালে বিআইডব্লিউটিএ কার্যালয়ে রক্ষিত তথ্য অনুযায়ী ওই দলটি গত আড়াই মাসে ৫৩ দিন পরিদর্শন করেছে। ছুটির দিন বাদ দিলেও হিসাবে তারা ১৫ দিন পরিদর্শন করেনি। এ ছাড়া বিআইডব্লিউটিএ দুই বছর ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম বন্ধ রেখেছে।