
কাগজে-কলমে ‘পাকা সড়ক’। এমনকি সেই সড়ক সংস্কারের জন্য তিনবার বরাদ্দও এসেছে। কিন্তু পাকাকরণ দূরের কথা, সড়কটিতে আজ পর্যন্ত ইট পড়েনি একটিও।
নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি বাজার-নারান্দি বালিকা বিদ্যালয় সড়কটি ১৪ বছর ধরে পাকা সড়ক হিসেবে নিবন্ধিত। তবে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এটি পুনরায় ‘কাঁচা’ হিসেবে নিবন্ধিত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০০২ সালে ৭৮৫ মিটার দৈর্ঘ্যের সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন স্থানীয় সাংসদ সরদার সাখাওয়াত হোসেন ওই বছরের ১১ মে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনও করেন। তাতে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে লেখা আছে ‘মেসার্স কোহিনুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’। তবে বর্তমানে এ নামে কোনো প্রতিষ্ঠানের হদিস মেলেনি। পরে বিভিন্ন সময়ে সড়কটি সংস্কারের জন্য এলজিইডি থেকে তিনবার বরাদ্দ আসে। তা বাস্তবায়নও হয়েছে বলে কাগজে-কলমে দেখানো হয়েছে। কিন্তু এই ১৪ বছর ধরে সড়কটি কাঁচাই রয়ে গেছে। কয়েক মাস আগে স্থানীয় বাসিন্দারা সড়কটি পাকাকরণের সুপারিশ নিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যান। গিয়ে তাঁরা জানতে পারেন, সড়কটি ২০০২ সাল থেকে কাগজে-কলমে ‘পাকা’ হিসেবে নিবন্ধিত রয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি খোঁজখবর করে সড়কটি বাস্তবে ‘কাঁচা’ বলে নিশ্চিত হওয়া যায়। কিন্তু ‘পাকা’ হিসেবে নিবন্ধিত থাকলে নতুন করে সেটি নির্মাণ করা যাবে না। তাই বর্তমান উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম চলতি অর্থবছরে (২০১৬-১৭) সড়কটির শ্রেণি পরিবর্তন করে ‘কাঁচা’ হিসেবে নিবন্ধিত করেছেন, যার কোড নম্বর ৫০৩৪।
নারান্দি এলাকার মনজুর রহমান বলেন, এই সড়কটি আশপাশের চারটি গ্রামের ‘বাইপাস’ হিসেবে পরিচিত। এ সড়ক হয়ে দিঘাকান্দি, নারান্দি, উত্তর নারান্দি ও হাররদিয়া এলাকার লোকজন নারান্দি বাজারে যাতায়াত করে।
স্থানীয় শুকুন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা শুনেছি, সড়কটি মেরামতে তিনবার বরাদ্দও হয়েছে। কিন্তু আজ পর্যন্ত একটা ইটও পড়ে নাই।’
ঠিকাদারি পেশায় নিযুক্ত উপজেলা যুবলীগের নেতা ও স্থানীয় বাসিন্দা ইকবাল আহমেদ বলেন, বিএনপির আমলে এই সড়ক কাগজে-কলমে পাকা হয়। আবার তিনবার সংস্কারের জন্য বরাদ্দও নেওয়া হয়। কিন্তু বাস্তবে একটা ইটও সড়কে লাগেনি।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, ‘আমি এ বছর সড়কটি পুনরায় কাঁচা হিসেবে নিবন্ধন করিয়েছি। এই সড়কের নামে সংস্কারের জন্য আগে বরাদ্দ দেওয়া হয়ে থাকতে পারে। তবে আমার সময়ে কিছুই হয়নি।’ এ-সংক্রান্ত কাগজপত্র চাইলে তিনি বলেন, ‘এগুলোর কাগজপত্র কোথায় আছে, তা আমি জানি না। অনেক আগের কাগজ তো, খুঁজে দেখতে হবে।’