কাগাবলায় টিলার মাটি কাটা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন টিলার মাটি কাটা চলছে৷ প্রকাশ্যে টিলাগুলোর মাটি কাটা হলেও এ পর্যন্ত তা রোধে প্রশাসন কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন৷ এতে একদিকে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে এলাকার নৈসর্গিক সৌন্দর্য৷
ইউনিয়নের বুরুতলা এলাকায় গত ৩ জুন গিয়ে দেখা যায়, ট্রাকে টিলার মাটি পরিবহনের কারণে তা পড়ে পাকা রাস্তা লাল মাটিতে ভরে আছে৷ বৃষ্টি হওয়ায় থকথকে লালচে কাদা জমে আছে রাস্তার ওপর৷ পাশের আথানগিরি গ্রামের ভেতর দিয়ে যাওয়া পাকা রাস্তা ধরে চললে কিছু দূর পরপর দাঁড়িয়ে থাকা টিলাগুলোর কেটে নেওয়া বুকের টকটকে লাল মাটি ক্ষতের মতো চোখে পড়ে৷ কোথাও দেখা যায় কেটে নেওয়া পুরোনো টিলার বুকে হালকা ঘাস গজিয়ে লাল ক্ষত হয়তো কিছুটা আড়াল হয়েছে৷ কিন্তু গর্ত রয়েই গেছে৷ মাটি কেটে নেওয়ায় টিলাসংলগ্ন ঘরগুলো ঝুঁকিতে রয়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীর কেউ কেউ বলেন, আথানগিরি এলাকাতেই সবচেয়ে বেশি টিলা কাটা হচ্ছে৷ যার যখন খুশি টিলা থেকে মাটি কেটে নিচ্ছে৷ বৃষ্টিতে টিলার মাটি রাস্তায় গড়িয়ে পড়ছে৷ অথচ টিলার গোড়াতেই হয়তো বাড়িঘর রয়েছে৷ যেকোনো সময় ধস নেমে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে৷
গ্রামবাসীর অনেকে জানান, আথানগিরি পাহাড়ের ভেতরের দিকের টিলাগুলো থেকে বেশি মাটি কাটা হচ্ছে৷ এই পাহাড়ের কিছু অংশ পড়েছে মৌলভীবাজার সদর উপজেলায়, কিছুটা হবিগঞ্জের নবীগঞ্জে৷ বিভিন্ন সময় এলাকার সচেতন মানুষ বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনলেও টিলা কাটা রোধে এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি৷
বুরুতলা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবীর গতকাল বুধবার বলেন, ‘আথানগিরি দক্ষিণপাড়ায় এখনো কোদাল দিয়ে মাটি কাটা হচ্ছে। বুরুতলা বিদ্যালয় লাগোয়া টিলার মাটি কাটা হয়েছে। আমি নিজে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানাই৷ কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনুমতি ছাড়া যে টিলার মাটি কাটা নিষেধ, সে কথাই টিলা কাটার সঙ্গে জড়িতদের অনেকে জানে না৷’
জেলা প্রশাসক কামরুল হাসান ৪ জুন বলেন, ‘আমি যেখানেই এ রকম ঘটনা ঘটছে বলে শুনছি, সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে৷ জরিমানা করা হচ্ছে৷ কাগাবলা এলাকায়ও লোক পাঠাব।’
অবশ্য কাগাবলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল আহমদ গতকাল জানান, প্রায় টিলার মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর ইউনিয়নের দু-তিনটি স্থানে টিলার মাটি কাটা হচ্ছে।