কাঙাল হরিনাথের সেই ছাপাযন্ত্র নষ্ট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটগুলো খসে পড়ছে, দেয়াল ভাঙা। দরজা-জানালা ভেঙে পড়েছে। ধসে গেছে মেঝেও। আগাছা জন্মে টিনের চালার ঘরটি রূপ নিয়েছে ঝোপঝাড়ে। আছে মাকড়সার বসতিও।এই হচ্ছে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের বাড়ি। এর ভেতরের এক কোণে রয়েছে সেই ঐতিহাসিক ছাপাযন্ত্রটি। আজ ৫ বৈশাখ কাঙাল হরিনাথ মজুমদারের ১১৭তম মৃত্যুবার্ষিকী। কাঙাল নেই, তাঁর ছাপাযন্ত্রটিও আজ মৃতপ্রায়।সম্প্রতি হরিনাথের সেই বাড়িতে গেলে তাঁর পঞ্চম পুরুষ অশোক মজুমদারের সতর্কতা। আগে দরজা খুলে তিনি ভেতরে যান, তারপর যেতে বলেন। ভেতরের এক কোণে রোদ-বৃষ্টির মাঝে রুগ্ণ দেহ নিয়ে পড়ে আছে এমএন প্রেসটি। দেখা গেল, ঊনবিংশ শতকের নির্ভীক সাংবাদিক প্রথম সংবাদপত্র গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদারের শেষ স্মৃতিচিহ্ন খসে খয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুণ্ডুপাড়ায় হরিনাথের পঞ্চম পুরুষ অশোক মজুমদার এটি দেখাশোনা করেন। দেখাশোনা বলতে দর্শনার্থীদের ‘বাংলা মুদ্রণযন্ত্র’ নামের যে যন্ত্রটিতে হরিনাথ ১৮৭৩ সালে গ্রামবার্তা প্রকাশিকা ছাপিয়েছিলেন, সেটি শুধু দেখান। মাটিতে থাকার কারণে যন্ত্রটির লোহার অংশগুলো মরিচায় ক্ষয়ে যাচ্ছে। মাকড়সার জাল আর ধুলার স্তর জমে আছে। বাংলাপিডিয়ায় বলা হয়েছে, ১৮৬৩ সালে কুমারখালীতে স্থাপিত হয় মথুরনাথ যন্ত্র। বিখ্যাত ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রর বাবা হরিনাথের বন্ু্ল মথুরনাথ মৈত্র এটি প্রতিষ্ঠা করেন। পরে তিনি মুদ্রণযন্ত্রটি হরিনাথকে দান করেন। ১৮৭৩ সাল থেকে এ যন্ত্রেই গ্রামবার্তা প্রকাশিত হতে থাকে। ২৫ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়। গ্রামবার্তা পত্রিকায় হরিনাথ সাহিত্য, দর্শন, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ প্রকাশের পাশাপাশি অত্যন্ত সাহসিকতার সঙ্গে জমিদার ও ব্রিটিশ নীলকরদের অত্যাচারের কাহিনি প্রকাশ করেন। একটা পর্যায়ে জমিদারেরা তাঁর ওপর হামলার পরিকল্পনা করেন। তখন লালন সাঁই অনুসারীদের নিয়ে হরিনাথের বাড়িতে এসে পাহারা দিয়ে তাঁকে রক্ষা করেন। বিষাদ সিন্ধু ও জমিদার-দর্পণ-এর রচয়িতা মীর মশাররফ হোসেন, প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক জলধর সেন, অক্ষয় কুমার মৈত্র, দীনেন্দ্র কুমার রায়রা ছিলেন তাঁর শিষ্যতুল্য ও গ্রামবার্তার লেখক।অশোক মজুমদার জানান, ১৯৭১ সালে প্রেসঘরটির ওপরে পাকিস্তানি হানাদারেরা বোমা ফেলেছিল। যন্ত্রটি রক্ষা পেলেও ঘরের ছাদ ও দেয়াল ভেঙে যায়। ১০-১২ বছর আগে থেকে এটিতে আর কোনো কাজ করা যায় না। কয়েক বছর আগে যন্ত্রটির গায়ে থাকা পিতলের লোগো ও ছাপা প্লেটটি চুরি হয়ে যায়।তিনি বলেন, ‘যে যন্ত্রে কাঙাল, লালন, মীর মশাররফ ও জলধর সেনের হাতের স্পর্শ, সেখানে আমি হাত রাখতি পারিছি, এর চেয়ে সৌভাগ্য আর কি আছে! বয়স হয়েছে, কখন ওপরের ডাক চলে আসে। তখন কী হবে ঐতিহাসিক প্রেসের? সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি এটা সংরক্ষণ করত, তাহলে শান্তি পেতাম।’