দেশ স্বাধীন হওয়ার সময় ঢাকা ১ নম্বর ও চট্টগ্রাম ২ নম্বরে ছিল। এখনো তাই আছে। কাঙ্ক্ষিত অগ্রগতির তুলনায় চট্টগ্রাম অনেক অনেক পিছিয়ে আছে।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
‘বিশ্বমানের চট্টগ্রাম: এগুনোর টেকসই পথ’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই)। গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রধান সমন্বয়কারী ড. হোসেন জিল্লুর রহমান।
মূল প্রবন্ধে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘২০৩০ সালের মধ্যে চট্টগ্রামের গ্লোবাল সিটিতে উপনীত হওয়া কোনো অলীক স্বপ্ন নয়। কিন্তু এই লক্ষ্যে এগোনোর প্রচেষ্টাকে টেকসই ও কার্যকর করতে হলে তিনটি বিষয়কে সামনে নিয়ে আসা জরুরি। আসন্ন মেয়র নির্বাচন চট্টগ্রামের নাগরিক চাহিদার বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে ভূমিকা রাখছে।’
বৈঠকে বক্তারা বলেন, সরকারের রাজস্ব আয়ের বেশির ভাগ আসে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। জাতীয় শ্রীবৃদ্ধি ঘটলেও চট্টগ্রামের নিজস্ব শ্রীবৃদ্ধির ইতিহাস তুলনামূলকভাবে করুণ রয়ে গেছে। চট্টগ্রামের স্বার্থেই নয়, জাতীয় স্বার্থে এই বাস্তবতার পরিবর্তন জরুরি।
বৈঠকে জানানো হয়, সিআরআইয়ের পক্ষ থেকে আগামী তিন মাসের মধ্যে অর্থনৈতিক সম্মেলন, কর্মশালা, সিরিজ যুব আলোচনা, নাগরিক মতামত জরিপ এবং নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের নিয়ে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে ‘বিশ্বমানের চট্টগ্রাম’ এই শিরোনামে একটি সামগ্রিক কৌশলপত্র প্রণয়ন করা হবে।
গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ফজলুল করিম, ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, স্থপতি জেরিনা হোসেন, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি মঈনুল ইসলাম মাহমুদ।