পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে যে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে, সেগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন তিনটি হাটে কাঙ্ক্ষিত দাম না ওঠায় তৃতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়েছে। ‘সিন্ডিকেটের’ কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দুই সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, বাকি ১৬টি হাটের দরপত্র-প্রক্রিয়া শেষ হয়েছে। ইতিমধ্যে কয়েকটির কার্যাদেশও দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে বেশির ভাগেই সর্বোচ্চ ইজারামূল্য দিয়ে হাট পাচ্ছেন ক্ষমতাসীন দলের ব্যক্তিরা।
দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, তাঁদের অধীন ১০টি অস্থায়ী হাটের মধ্যে চারটিতে দ্বিতীয় দফায় দরপত্র দেওয়া হয়। কিন্তু এর মধ্যে দুটি হাটে দ্বিতীয় দফাতেও কাঙ্ক্ষিত দাম ওঠেনি।
দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, দুটি হাটের মধ্যে আরমানিটোলা খেলার মাঠের দ্বিতীয় দফা দরপত্রে সর্বোচ্চ দাম ওঠে চার কোটি এক লাখ টাকা। প্রথম দফায় দাম আরও কম ওঠে। অথচ গত বছর এই হাটের সর্বোচ্চ দাম উঠেছিল চার কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।
খিলগাঁও মেরাদিয়া হাটে দ্বিতীয় দফায় সর্বোচ্চ দাম ওঠে ১৯ লাখ এক হাজার টাকা। অথচ প্রথম দফাতেই সর্বোচ্চ দাম উঠেছিল ২০ লাখ ৫০ হাজার টাকা। গতবার এই হাটের সর্বোচ্চ দাম উঠেছিল ৩৭ লাখ ৫৫ হাজার টাকা। অর্থাৎ দুই হাটেই গতবারের চেয়ে কম দাম উঠেছে।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহম্মেদ প্রথম আলোকে বলেন, কাঙ্ক্ষিত দাম না ওঠায় তৃতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়েছে। তৃতীয় দফায় দরপত্র জমা ও খোলার তারিখ ৩০ সেপ্টেম্বর।
অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের অধীন যে নয়টি হাট বসবে, তার মধ্যে বনানী কাকলী রেলস্টেশন-সংলগ্ন খালি জায়গার হাটে কাঙ্ক্ষিত দাম না ওঠায় তৃতীয় দফায় দরপত্র দেওয়া হয়েছে। এই হাটে দ্বিতীয় দফায় সর্বোচ্চ দর উঠেছিল ৪০ লাখ টাকা। অথচ গতবারও এই হাটের দাম উঠেছিল ৫২ লাখ টাকা।
উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. ফসিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এই হাটের তৃতীয় দফায় দরপত্র ২৫ সেপ্টেম্বর খোলা হবে। আশা করছি, এবার কাঙ্ক্ষিত দাম পাওয়া যাবে। তবে বাকি আটটির দরপত্র-প্রক্রিয়া শেষ করা হয়েছে। এর মধ্যে কয়েকটির কার্যাদেশও দেওয়া হয়েছে এবং কয়েকটির জন্য সর্বোচ্চ দরদাতাকে টাকা জমা দিতে বলা হয়েছে। টাকা পেলে কার্যাদেশ দেওয়া হবে।’
ঈদের আগের তিন দিন ও ঈদের দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন ১৯টি অস্থায়ী হাট বসবে। এর বাইরে গাবতলীর স্থায়ী হাট তো বসবেই। অন্যবারের মতো এবারও শুরু থেকেই অস্থায়ী হাটের জন্য একটি সিন্ডিকেট তৎপর হয়ে ওঠে। ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের নেতৃত্বে গড়ে ওঠা এসব সিন্ডিকেটের দখলেই শেষ পর্যন্ত হাটগুলো থাকছে। কারণ, দরপত্র অনুযায়ী বেশ কয়েকটির সর্বোচ্চ দরদাতা হয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতারা। যাঁদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাবেক নেতারাও রয়েছেন।