কাঙ্ক্ষিত ফল মেলেনি ১৩ বছরের ব্যবস্থাপনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমানের উন্নয়নে ১৩ বছরের ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ইজারা প্রথা বাতিলের পর হাওর নিয়ে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, নানা কারণে তাও বাস্তবে রূপ নেয়নি বলে জানিয়েছে প্রশাসন ও হাওরপারের মানুষ।

২০০০ সালে টাঙ্গুয়ার হাওরকে আন্তর্জাতিকভাবে ‘ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট’ ঘোষণা করা হয়। এরপর ২০০৩ সালে হাওরটির নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। ২০০৬ সালে হাওরের পরিবেশ সংরক্ষণে যোগ দেয় আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)। সংস্থাটি গত ৩১ আগস্ট তাদের ১০ বছরেরপ্রকল্প শেষ করেছে। এর মধ্য দিয়ে হাওর উন্নয়নে সরকারের নেওয়া ১৩ বছরের প্রকল্পও শেষ হয়েছে।

হাওরপারের বাসিন্দারা বলছেন, হাওরের সম্পদ রক্ষায় প্রশাসনের এবং মানুষকে সচেতন করতে আইইউসিএনের যে লক্ষ্য ছিল বাস্তবে তার কোনোটিই হয়নি। হাওরের সম্পদ আগের চেয়ে কমেছে। অবাধে মাছ চুরি হচ্ছে, উজাড় হচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রাণীর নিরাপদ আশ্রয়।

আইইউসিএন সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর ও ধরমপাশা উপজেলার ৯ হাজার ৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর। হাওর এলাকায় ছোট-বড় ৫২টি বিল ও ৮৮টি গ্রাম আছে। ১৪১ প্রজাতির দেশি মাছ, ১১ প্রজাতির উভচর, ৬ প্রজাতির কচ্ছপ, ৭ প্রজাতির গিরগিটি, ২১ প্রজাতির সাপ, ১৫০ প্রজাতির জলজ উদ্ভিদ, ১১০ প্রজাতির দেশি ও ৯০ প্রজাতির পরিযায়ী পাখির বিচরণক্ষেত্র এই হাওর। এখানে দেখা মেলে বিরল প্রজাতির প্যালাসাস ফিশ ইগলের।

আইইউসিএন বলছে, তারা ২০০৬সালের ডিসেম্বর থেকে হাওরে ‘সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প’ শুরু করে। এর মধ্যে তারা হাওরপারের ৭৪টি গ্রামে সংগঠন তৈরির মাধ্যমে মানুষকে সংগঠিত করেছে। সংগঠন করে তাদের চাঁদায় দুই কোটি টাকার সামাজিক তহবিল গড়ে তোলা হয়েছে। এতে তারা লাভবান হয়েছে। আড়াই হাজার জেলেকে বিভিন্ন সময়ে বাণিজ্যিকভাবে মাছ ধরতে দেওয়া হয়েছে। এর বাইরে কিছু জায়গায় তারা হিজল-করচের গাছ লাগিয়েছে। হাওরে পরিযায়ী পাখি আসা বাড়ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০০ সালে ইজারা প্রথা বাতিলের পর ২০০৩ সালের ১০ নভেম্বর হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। বর্তমানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৪ জন আনসার হাওরের সম্পদ পাহারায় নিয়োজিত আছেন। এর মধ্যে হাওরে বাণিজ্যিকভাবে এ পর্যন্ত ১০৫ মেট্রিক টন মাছ ধরা হয়েছে। এতে ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৬৪৬ টাকা পাওয়া গেছে। এই টাকার ৪০ শতাংশ জেলে, ৩৬ শতাংশ বিভিন্ন সংগঠন এবং ২৪ শতাংশ পেয়েছে সরকার। তবে গত দুই বছর মাছ ধরা হয়নি।

মাঝখানে ২০১০ সালে চলমান ব্যবস্থাপনা নিয়ে ‘হতাশা’ ব্যক্ত করেন তৎকালীন জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ। তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়কে চিঠি লিখে জানান, সরকারি ব্যবস্থাপনায় ছয় বছর থাকার পরও হাওরের সার্বিক প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবনমানের কোনো উন্নতি হয়নি। এই ব্যবস্থাপনায় প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ অবস্থা চলতে থাকলে ১০ বছর পর হাওরে কোনো মাছ থাকবে না। তিনি আগের ইজারায় ফিরতে পরামর্শ দেন। তবে তাঁর এই পরামর্শ নাকচ করে দেয় মন্ত্রণালয়।

হাওরপারের বাসিন্দারাও এখন বলছেন, ১৩ বছরে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। হাওরে মাছ চুরি আগেও ছিল, এখনো আছে। এর সঙ্গে আনসার এবং গ্রাম সংগঠনের সদস্যরা জড়িত। মাছ চুরি ঠেকাতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ও আনসাররা।

গোলাবাড়ি গ্রামের জামাল হোসেন বলেন, হাওরের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। মাছ ও গাছ কমেছে। এখন পাখি আসছে কম।

হাসেম আলী নামের একজন জানান, হাওরে ফসল হয় না। মানুষ মাছ ধরেই জীবন চালায়। বিকল্প কাজ না দিয়ে শুধু কথা বলে পরিস্থিতি পাল্টানো যাবে না।

একই গ্রামের মাজেদা বেগম বলেন, ‘সবাই কয় মাছ না ধরতে, গাছ না কাটতে। মাছ না ধরলে খাইমু কী আর গাছ না কাটলে রানমু কী দিয়া।’

হাওরের উন্নতি হয়নি এটা মানতে নারাজ আইইউসিএনের প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের কাজ ছিল মানুষকে সচেতন এবং তাদের জীবনমানের উন্নয়ন করা। এটা অনেকাংশে হয়েছে। তবে আরও কাজ করতে হবে।’

তবে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রকল্প পুরোপুরি সফল না হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কিছুসংখ্যক পুলিশ-আনসার দিয়ে বিশাল হাওর রক্ষা করা কঠিন। যাঁদের জীবন-জীবিকা হাওরের ওপর নির্ভরশীল তাঁদের বুঝতে হবে, এটি রক্ষা করা তাঁদেরই দায়িত্ব। আমরা পুরোপুরি সফল না হলেও কাজ করে যাচ্ছি।’