কাঙ্ক্ষিত মাত্রায় মা-মাছের ডিম পাননি সংগ্রহকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে খুব অল্প পরিমাণে ডিম ছেড়েছে মা-মাছ। গত বুধবার রাতে নমুনা ডিম ছাড়ার পর গতকাল শুক্রবার ভোরের দিকে মা-মাছেরা খুব অল্প পরিমাণে ডিম ছেড়েছে বলে জানান জেলেরা। ফলে এবারও কাঙ্ক্ষিত মাত্রায় ডিম পাওয়ার আশা পূরণ হয়নি আহরণকারীদের।
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার মাছের ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর প্রথম আলোকে বলেন, ‘দুই দিনে তিন বালতি ডিম সংগ্রহ করতে পেরেছি। এই ডিম থেকে পোনা কতটুকু পাওয়া যাবে বোঝা যাচ্ছে না। প্রতিবছর নমুনা ডিম ছাড়ার পরই সাধারণত মা-মাছ সম্পূর্ণ ডিম ছেড়ে দেয়। কিন্তু এবার এখন পর্যন্ত আমাদের আশা পূরণ হয়নি। মনে হচ্ছে, এবার নদীতে মা-মাছ কম।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক মো. মনজুরুল কিবরীয়া বলেন, ‘ডিম সংগ্রহের আশায় তিন শর মতো নৌকা হালদা নদীর হাটহাজারী ও রাউজান অংশে দুদিন ধরে বসে আছে। কিন্তু কেউই কাঙ্ক্ষিত মাত্রায় ডিম পাননি। বৃহস্পতিবার রাতে মা-মাছ ডিম ছাড়বে বলে সবাই আশা করেছিলাম।’
ডিম আহরণকারীরা জানান, সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মধ্যে হালদার ভাটিতে চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা অংশে মা-মাছেরা ডিম ছাড়ে। সম্পূর্ণ ডিম ছাড়ার আগে মা-মাছেরা নমুনা ডিম ছাড়ে।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দে প্রথম আলোকে বলেন, গত দুদিনে আহরণকারীরা অল্প পরিমাণে ডিম সংগ্রহ করতে পেরেছেন। তবে সংগ্রহ করা ডিমের পরিমাণ গত এপ্রিলের তুলনায় বেশি।