কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের বিকল্প নেই: তথ্যসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেন
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেন বলেছেন, দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সামাজিক, অর্থনৈতিক, মানবিক সব ক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের বিকল্প নেই।

আজ বুধবার সকালে তথ্য অধিদপ্তর ও এটুআই আয়োজিত ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশবিষয়ক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় সচিবালয়ের নিজ দপ্তর থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের সভাপতিত্বে সাবেক সচিব কামরুন নাহার বিশেষ বক্তা হিসেবে এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক আবদুল মান্নান ও যুগ্ম প্রকল্প পরিচালক দেওয়ান মো. হুমায়ন কবীর প্যানেল বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন।

দেশ ও সমাজের অগ্রযাত্রাকে মসৃণ রাখতে তথ্যের যথাযথ ব্যবহার ও প্রবাহ একান্ত সহায়ক উল্লেখ করে তথ্যসচিব বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে জনগণ যে সুফল পাচ্ছে, তা গণমাধ্যমের সাহায্যে সব মানুষের কাছে পৌঁছে দিতে পারলে জনগণ আরও ব্যাপকভাবে ডিজিটাল পদ্ধতির সুবিধা লাভে সক্ষম হবে। এ বিষয়ে দেশের গণমাধ্যমের চলমান ভূমিকার প্রশংসা করেন ও তা আরও বৃদ্ধি করতে শীর্ষ গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান মকবুল হোসেন।

সচিব বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারের উন্নয়নের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে যেমন যত্নবান, তেমনি গণমাধ্যমের বিকাশ ও উন্নয়নেও কাজ করতে বদ্ধপরিকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, ইউএনবির প্রধান সম্পাদক এনায়েত উল্লাহ খান, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর, ডিবিসির প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম, একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, নিউজ ২৪-এর হেড অব নিউজ রাহুল রাহা,

এ ছাড়াও ইনডিপেনডেন্টের চিফ নিউজ এডিটর আশীষ সৈকত, যমুনা টিভির চিফ নিউজ এডিটর ফাহিম আহমেদ, এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, মাছরাঙা টিভির পরিকল্পনা সম্পাদক রাশেদ আহমেদ, একুশে টিভির নিউজ এডিটর কাজী মোহসীন আল আব্বাস, চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক এ এন এম আল মামুন (তালাত মামুন), এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, গাজী টিভির এডিটর ইন চিফ সৈয়দ ইসতিয়াক রেজা, দেশ টিভির এডিটর সুকান্ত গুপ্ত অলক, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ, আরটিভির নিউজ এডিটর শরীফ উদ্দিন আহমেদ, মাই টিভির নিউজ এডিটর প্যাট্রিক ডি’কস্তা, বাংলানিউজ২৪ ডটকমের নিউজ এডিটর আহমেদ জুয়েল, জাগো নিউজ ২৪ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক, সারাবাংলা ডটনেটের প্রকাশক ও সম্পাদক বদরুল আলম খান প্রমুখ প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।