কাচালং নদীতে বেড়া দিয়ে মাছ শিকারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবাধে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। এতে একদিকে নৌ-চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে লাখ লাখ পোনা নিধন করা হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাচালং নদীর খাগড়াছড়ি মুখ থেকে মাহিল্যা পর্যন্ত বাঁশের বেড়া দিয়ে একধরনের জাল ফেলা হয়েছে। এর মধ্যে ২০ থেকে ২৫টি স্থানে আড়াআড়িভাবে নদীর একপাশে জায়গা রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসব বেড়া দেওয়ার কারণে রাঙামাটি-বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় লঞ্চ ও ট্রলার চলাচলেও বিঘ্ন ঘটছে। স্থানীয় প্রভাবশালী মো. লোকমান হোসেনসহ তিনজন এ কাজে নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা শ্রমিক দিয়ে বেড়া নির্মাণ করা ও মাছ ধরার কাজ করছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, নদীর আট কিলোমিটারজুড়ে বাঁশের বেড়া তৈরি করা হয়েছে। শ্রমিকেরা ওই বেড়াগুলোতে ঘেরা জাল ফেলছেন। অনেকে এখনো বেড়া তৈরি করছেন। এভাবে খাগড়াছড়ির মুখ থেকে মাহিল্যা এলাকা পর্যন্ত ১০ কিলোমিটার কাচালং নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
ট্রলারচালক নিপন চাকমা বলেন, ‘কয়েক দিনে আট থেকে দশবার বাঁশের বেড়ায় ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রলারের দুই শ্রমিক পানিতে পড়ে যান। এমনিতেই নদীর পানি কমে গিয়ে ছোট হয়ে গেছে, তার মধ্যে নদীতে আড়াআড়িভাবে বেড়া দেওয়া হয়েছে।
অভিযুক্ত মো. লোকমান হোসেন বলেন, ‘আমাদের বেড়ার কারণে নৌ-চলাচলে বিঘ্ন ঘটছে না। কারণ, আমরা একপাশে যাতায়াতের জন্য জায়গা রেখেছি। আমরা সারা বছর এ কাজ করি না। শুধু দুই থেকে তিন মাস করে থাকি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা বলেন, গত কয়েক মাসে বেশ কিছু অবৈধ ঘেরা জাল আটক ও কাচালং নদীতে বেড়া ভেঙে ফেলা হয়েছে। তাঁরা নদীতে যেভাবে বেড়া দিয়ে মাছ শিকার করেন, তা অবৈধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো কিছু করা যাবে না। তাঁরা যেভাবে বেড়া দিয়েছেন, তা সম্পূর্ণ অবৈধ। কিছুদিন আগে ওই এলাকা থেকে দুই বেড়া নির্মাণ শ্রমিককে আটক করেছি। পরে শর্ত সাপেক্ষে স্থানীয় ইউপি সদস্যের কাছে জিমঞ্চায় দিয়েছি। দ্রুত কাচালং নদীতে অভিযান পরিচালনা করা হবে।’