কাচালং নদে অর্ধশতাধিক বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি থেকে মাহিল্যা পর্যন্ত প্রায় আট কিলোমিটারজুড়ে কাচালং নদে অর্ধশতাধিক বাঁধ দিয়ে মাছ ধরা হচ্ছে। এতে একদিকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন হচ্ছে, অন্যদিকে বাঘাইছড়ি-রাঙামাটির মধ্যে যাতায়াতের একমাত্র নৌপথটি দিয়ে লঞ্চ ও ট্রলার চলাচলে বিঘ্ন ঘটছে।লঞ্চচালক মো. আবু তালেব বলেন, ‘আমরা অনেকবার বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো জেলে ও প্রভাবশালীরা আমাদের হুমকি দেয়। ইদানীং আরও সমস্যা দেখা দিয়েছে পানি শুকিয়ে যাওয়ায়।’ গত মাসে বেশ কয়েকবার বাঁধের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নদের এক পাশে সামান্য ফাঁকা জায়গা রেখে বাকিটায় আড়াআড়িভাবে বাঁশ ও জাল দিয়ে বাঁধগুলো দেওয়া হয়েছে। এসব জাল ও বাঁশের ফাঁদে বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ছে। এ জালে আটকা পড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনাও নিধন হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় জেলেদের পাশাপাশি প্রভাবশালী আমতলী গ্রামের নয়ন দাশ, শামীম উল্লাহ, সিরাজ, নাজিম এবং হিরাচর গ্রামের সুজন চাকমা ও রনেল চাকমা বাঁধ দিয়ে মাছ ধরছেন। তাঁরা শতাধিক জেলেকে নিয়ন্ত্রণ করছেন।শামীম উল্লাহ বলেন, ‘লঞ্চ ও টেম্পো-বোট চলাচলের জন্য আমরা এক পাশে জায়গা রেখেই বাঁধ দিয়েছি। এই মৌসুমে পানি কমে যাওয়ায় বেশি মাছ ধরা পড়ে। বাঁধ দেওয়া যে অবৈধ, আমরা তা জানি না।’লঞ্চ ও ট্রলারের মালিকেরা অভিযোগ করেন, কাচালং নদে বাঁধ দেওয়ার কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় কাচালং নদের পানি শুকিয়ে যাচ্ছে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝেমধ্যে কাচালং নদের ওই এলাকায় নৌযান আটকা পড়ছে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, দুরছড়ি থেকে মাহিল্যা পর্যন্ত প্রতি এক কিলোমিটারে ছয় থেকে সাতটি বাঁধ দেওয়া হয়েছে। নদের এ পাড় থেকে ও পাড় পর্যন্ত সামান্য জায়গা রেখে বাঁধগুলো তৈরি করা হয়েছে। ওই দিন খাগড়াছড়ি এলাকায় একটি বাঁধে এক টেম্পো-বোটের চালক মো. নুরুল আমিন ও জেলে মো. বাদশা মিয়ার মধ্যে এ নিয়ে ঝগড়া হয়েছে।আমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাহেব আলী বলেন, ‘আমার ইউনিয়নে বেশি বাঁধ দিয়ে মাছ ধরা হচ্ছে। যারা করছে, তারা না জেনেবুঝেই কাজটা করছে। আমি তাদের বাঁধগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করব।’মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা প্রথম আলোকে বলেন, ‘নদে বাঁধ দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ অবৈধ। আমি নিজে দেখেছি, প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে অর্ধশতাধিক বাঁধ দেওয়া হয়েছে। অনেকবার অভিযান চালিয়েছি, জালও জব্দ করা হয়েছে। পরে জালগুলো স্থানীয় আওয়ামী লীগের নেতাদের চাপে ফেরত দিতে হয়েছে।’জব্দকৃত জাল ফেরত দিতে সুপারিশের কথা স্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রথম আলোকে বলেন, জালগুলো বিল থেকে জব্দ করা হয়েছিল। তাই ছেড়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।