কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল ছোড়া ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনীতি করি। কিন্তু কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল ছোড়া ঠিক নয়।’
গতকাল শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাড়িতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এ কথা বলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের নতুন কমিটির পরিচিতি ও কর্মিসভা উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ওরফে নীরব ও সহসভাপতি আবদুস সালাম আজাদ।
অনুষ্ঠান উপলক্ষে তেঘরিয়ার বড়গ্রাম বাজার এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ছবিসংবলিত পোস্টার, ব্যানার-ফেস্টুন ও তোরণ লাগানো হয়েছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের নতুন কমিটির সভাপতি মোকাররম হোসেন অভিযোগ করেন, তাঁদের অনুষ্ঠান পণ্ড করতে বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পাঁচটি তোরণ ভাঙচুর করে ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেন।
তবে গতকালের অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকারদলীয় লোকজন ও পুলিশ আমাদের তোরণ ভাঙচুর করে ব্যানার ও পোস্টার ছিঁড়ে নিয়ে গেছে। এ ধরনের বিদ্যা আমরা কখনো শিখিনি।’
অভিযোগ অস্বীকার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখানে যুবদলের দুই পক্ষে কোন্দল রয়েছে। তারাই তোরণ ভাঙচুর করে ব্যানার ও পোস্টার ছিঁড়ে আমাদের নেতা-কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দিচ্ছে।’