কাচের দেয়ালে হারিয়ে যায় বন্দীদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিড়ের মধ্যে চিৎকার দিয়ে ফাইজুল তাঁর কারাবন্দী ভাই সাইদুলকে বলেন, ‘ভাই, আপনি কেমন আছেন?’
জোরগলায় বার কয়েক বলার পরও সাইদুলের জবাব শুনতে ব্যর্থ হন ফাইজুল।
কারাগারের দেখা-সাক্ষাতের কক্ষে বেজায় ভিড়। শব্দে গমগম। সবাই নিজ নিজ স্বজনের সঙ্গে কথা বলতে মরিয়া। চিৎকার-চেঁচামেচি। তার ওপর স্বজন ও বন্দীদের মাঝখানে কাচের দেয়াল। তাতে ছোট ছোট গোল ছিদ্র। কোলাহলপূর্ণ পরিবেশে সেই ছিদ্রের ভেতর দিয়ে একজনের কথা আরেকজনের কানে ভালো করে পৌঁছায় না। কাচটি আবার অস্বচ্ছ। তাই বন্দীরা তাঁদের স্বজনদের ঠিকমতো দেখতেও পান না।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাক্ষাৎকক্ষে এ দৃশ্য দেখা গেছে। নতুন কারাগারে সাক্ষাতে এসে বন্দীদের সঙ্গে ঠিকমতো কথা বলতে না পেরে স্বজনেরা ক্ষুব্ধ।
কারাবন্দী সাইদুলের ভাই ফাইজুল বলেন, ‘কাচের দেয়ালের কারণে ভাইয়ের কথা আমি শুনতে পাইনি। ভাইও আমার কথা শুনতে পাননি। এই কাচ সরাতে হবে।’
ফাইজুলের মতো অনেকেই গতকাল তাঁদের স্বজনদের সঙ্গে কেরানীগঞ্জের কারাগারে দেখা করতে এসে একই সমস্যার মুখোমুখি হয়েছেন। তাঁরা মনঃক্ষুণ্ন হয়েছেন। হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ কান্নাও করেছেন। একপর্যায়ে কাচ সরানোর দাবিতে সাক্ষাৎকক্ষের বাইরে ক্ষুব্ধ দর্শনার্থীরা স্লোগান দিয়েছেন।
গত শুক্রবার পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হয়। ওই দিন ঢাকা থেকে সব বন্দীকে কেরানীগঞ্জে নেওয়া হয়।
নতুন কারাগারে সাক্ষাতের সমস্যার পাশাপাশি খাবার নিয়েও অভিযোগ আছে। স্বজনদের অভিযোগ, নতুন কারাগারে সময়মতো খাবার দেওয়া হচ্ছে না। এতে বন্দীরা চরম কষ্ট পাচ্ছেন।
দর্শনার্থী কুলসুম বেগমের অভিযোগ, তাঁর ছেলে তাঁকে বলেছেন, তিনি ঠিক সময়ে খাবার পাচ্ছেন না। খাবারের মানও ভালো না। পানিতে কটু গন্ধ।
জানতে চাইলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবীর প্রথম আলোকে বলেন, ‘বন্দীদের কাছ থেকে কাচের দেয়ালের বিষয়ে অভিযোগ পেয়েছি। ওই কাচ সরানোর ব্যাপারে ইতিমধ্যে কারা মহাপরিদর্শক নির্দেশ দিয়েছেন। কাল (শনিবার) বিকেলের মধ্যে কাচ সরানো হবে।’ খাবার নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখানে গ্যাসের সংযোগ নেই। লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। এ কারণে প্রথম দিকে সমস্যা হয়েছিল। তবে পরে সেই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। এখন সময়মতো খাবার সরবরাহ করা হচ্ছে।