কাছে তবু যোজন যোজন দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরের জারিফ পাঁচতলায়। চারতলায় শুয়ে দিনভর গোঙান মা। কয়েকটা মাত্র সিঁড়ির ব্যবধান। অথচ বেঁচে থাকা একমাত্র ছেলেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে পারেন না তিনি। উত্তরার অগ্নিদগ্ধ সুমাইয়া খানমের বেঁচে থাকার আশা একরকম ছেড়ে দিয়েছেন স্বজনেরা। বেঁচে থাকতে মা-ছেলের আর দেখা হবে কি না, কে জানে।
গতকাল বুধবার বিকেলে ধানমন্ডির সিটি হাসপাতালে কথা হচ্ছিল সুমাইয়া খানমের ভাই আবুল হাসনাতের সঙ্গে। এখানেই চিকিৎসা চলছে জারিফ ও তার মা সুমাইয়া খানমের। হাসনাত বলছিলেন, ‘আমার ভাগনে জারিফ এত ছোট, কিন্তু এত বোঝে ছেলেটা। ওর মাকে আমরা ফোনে ছেলের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলাম। বোনটা শুধু বলেছে, ‘আমি ভালো আছি। তুমি ভালো আছ জারিফ? সঙ্গে সঙ্গে ও বলেছে, তোমাকে আর কথা বলতে হবে না মা। তোমার খুব কষ্ট হচ্ছে।’ তিনি আরও বলছিলেন, জারিফকে নিয়ে আত্মীয়স্বজনদের উদ্বেগ এখন অনেক বেশি। সবাই ঘিরে আছে ওকে। গতকাল ওর পাশে সবাইকে দেখে বলেছে, ‘তোমরা সবাই তো আমার কাছে। আমার মায়ের কাছে তাহলে কে?’ শরীরের ৬ শতাংশ পোড়ায় চিকিৎসা দিয়ে জারিফকে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট ছেড়ে দিয়েছিল। পোড়া জায়গা থেকে অনবরত পানি ঝরছে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে আবার সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সাততলার একটি ফ্ল্যাটে মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ সপরিবারে দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনার পরপরই মারা যায় তাঁর ছেলে সারলিন বিন নেওয়াজ (১৫) ও ১৪ মাসের শিশু জায়ান বিন নেওয়াজ। এক দিন পর মারা যান শাহনেওয়াজ (৫০)। শরীরের ৯০ ভাগ পোড়া নিয়ে এখন সিটি হাসপাতালে চিকিৎসাধীন শাহনেওয়াজের স্ত্রী সুমাইয়া খানম।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জারিফের কাছ থেকে তার বাবা ও ভাইদের মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়েছে। সে জানে কি না, বোঝা যাচ্ছে না। বারবার খুঁজছে তার ১৪ মাস বয়সী ছোট ভাই জায়ানকে। জারিফকে খেলনা দিতে গিয়েছিলেন স্বজনেরা। নেয়নি। বলেছে কিছু লাগবে না। একবার শুধু ছোট ভাইটাকে দেখতে চায়।
এদিকে সিটি হাসপাতালে সুমাইয়ার চিকিৎসক অধ্যাপক শহীদুল বারী প্রথম আলোকে বলেন, ‘যেকোনো সময় লাইফ সাপোর্ট লাগবে সুমাইয়ার। কখন কী হয় বলা যাচ্ছে না। ছেলেটির হাতে ও পায়ে অস্ত্রোপচার লাগবে। আমরা জারিফকে তার বাবা-ভাইদের চলে যাওয়ার খবরটা দিইনি।’
সুমাইয়ার শরীরের ৯০ ভাগ পুড়েছে। হারিয়েছেন স্বামী ও দুই সন্তানকে। পুড়ে যাওয়া শরীর। স্বজন হারানোর দুঃসহ যন্ত্রণা আর বেঁচে থাকা একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় প্রতিটি মুহূর্ত কাটছে তাঁর। সুমাইয়ার ভাই আবুল হাসনাত কান্না চেপে বললেন, এমন কষ্ট যেন আর কেউ না পায়।