কাছে থেকেও অস্ত্রধারীদের খোঁজ পায় না পুলিশ

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে হামলায় অংশ নেন ছাত্রলীগের সেই অস্ত্রধারীরাও। তাঁরা পুলিশের কাছে থাকলেও তারা তাঁদের খুঁজে পায় না বলে গ্রেপ্তার করতে পারছে না।
ঘটনার চার মাস পার হলেও সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানায় যোগাযোগ করলে পুলিশের সেই একই জবাব, খুঁজে পাওয়া যাচ্ছে না...!
গত ১৫ সেপ্টেম্বর সিলেটের কোর্ট পয়েন্টে সিপিবি ও বাসদের বিভাগীয় সমাবেশে হামলা করে জেলা ছাত্রলীগের একটি পক্ষ। সমাবেশে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘জামায়াতের চর’ আখ্যা দিয়ে হামলা করেন। হামলায় সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ১৭ জন আহত হন। ওই দিনই কেন্দ্রের নির্দেশে জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়। পরদিন পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ছাত্রলীগের নেতা হিরন মাহমুদসহ অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে মামলা করে।
পুলিশ ও ছাত্রলীগ জানায়, বাতিল হওয়া জেলা ছাত্রলীগের সভাপতি হিরন মাহমুদের নেতৃত্বে গত ১৯ মে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করা হয়। এমসি কলেজ ক্যাম্পাসে ওই দিন ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ ও হিরন মাহমুদের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে হিরন মাহমুদের পক্ষ অবৈধ অস্ত্র প্রদর্শন করলে পরদিন সংবাদমাধ্যমে তা প্রকাশ পায়। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি দেখে পুলিশ ২০ মে রাতে টিলাগড় মোড় থেকে গোলাম রহমান নামের একজন অস্ত্রধারীকে আটক করলে হিরনের পক্ষের কর্মীরা তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।
শাহ পরান থানা জানায়, পুলিশের কাছ থেকে অস্ত্রধারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২১ মে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আউয়াল ভুইয়া মামলা করেন। মামলায় গোলাম রহমানসহ এমসি কলেজ ছাত্রলীগের দেলওয়ার, আকাশ, মিঠু, হান্নান, কনক পাল, মানিক, আবু তাহেরকে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ পরান থানার এসআই হারুন মজুমদার বলেন, পুলিশ আসামিদের খুঁজে না পাওয়ায় গ্রেপ্তার করতে পারছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিপিবি-বাসদের সমাবেশে হামলায় ওই মামলার আসামি মিঠু, দেলওয়ার ও আকাশকে অংশ নিতে দেখা গেছে। হামলার ঘটনার একাধিক আলোকচিত্র ও স্থির চিত্রে দেখা গেছে, মিঠু ও দেলওয়ারের অবস্থান ছিল সমাবেশ মঞ্চে কর্তব্যরত তিন পুলিশ সদস্যের কাছাকাছি। ১৯ মে এমসি কলেজে মিঠু একজন বন্দুকধারীর ব্যাগ বহন করছিলেন। অন্যদিকে দেলওয়ার প্রকাশে রামদা নিয়ে হামলায় অংশ নেন। অস্ত্র প্রদর্শনকালে এ দুজনের আলোকচিত্র একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়।
বাতিল হওয়া জেলা ছাত্রলীগের একাধিক নেতা মনে করছেন, পুলিশ যদি চার মাস আগের ঘটনায় অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে সক্ষম হতো, তাহলে সিপিবি ও বাসদ সমাবেশে হামলার ঘটনাও ঘটত না।

সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতা হিরনের নেতৃত্বে হামলাকারীদের মধ্যে এমসি কলেজের সেই অস্ত্রধারীরাও ছিল। কিন্তু পুলিশের দায়ের করা মামলায় হিরন ছাড়া আর কারও নাম না থাকায় পরে আমরা আরেকটি এজাহারে তাঁদের নাম দিয়েছি।’
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব বলেন, ‘সমাবেশে হামলার সময় পুলিশের কাছাকাছি সেই অস্ত্রধারীদেরও উপস্থিতি ছিল। এ বিষয়ে আমরা পরে জেনেছি। ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষণে রাখা হয়েছে। অস্ত্রধারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একজনও রেহাই পাবে না, অবশ্যই গ্রেপ্তার করা হবে।’