কাজ একই, দরে অনেক পার্থক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের নিচে সৌন্দর্যবর্ধনে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের চারা, লোহার নিরাপত্তাবেষ্টনী ও সিনথেটিক টার্ফ। কিন্তু এসব জিনিসের বিপরীতে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।  ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের নিচে সৌন্দর্যবর্ধনে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের চারা, লোহার নিরাপত্তাবেষ্টনী ও সিনথেটিক টার্ফ। কিন্তু এসব জিনিসের বিপরীতে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের নিচে সৌন্দর্যবর্ধন করে। এই কাজে গোবর লাগে ৩৫৮ ঘনমিটার। এর মধ্যে একটি প্রতিষ্ঠান প্রতি ঘনমিটারের জন্য নেয় ১ হাজার ১৮৩ টাকা, অন্য প্রতিষ্ঠানের খরচ হয় মাত্র ৪০ টাকা। প্রতি ঘনমিটার গোবরের দামের ব্যবধান ২৭ গুণ।

কম দামে গোবর দেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান দুই কিলোওয়াট ও তিন হর্স পাওয়ারের সাবমারসিবল পাম্প বসাতে খরচ করেছে ২ হাজার টাকা। অন্য প্রতিষ্ঠানটির এ জন্য লাগে ১ লাখ ৪২ হাজার টাকা; যা ৭১ গুণ বেশি। বাজারে এই ধরনের পাম্পের দাম ২০ হাজার থেকে ১ লাখ টাকা।

সৌন্দর্যবর্ধনের কাজে অন্তত আরও ২৮টি ক্ষেত্রে দামের ব্যবধান ছিল কয়েক গুণ বেশি। অনেক ক্ষেত্রে বাজারদরের চেয়ে বেশি দাম নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। গত বছরের মাঝামাঝি সময়ে শুরু হওয়া সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয় ডিসেম্বরে। তখন সিডিএ চেয়ারম্যান ছিলেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।

ঠিকাদারি প্রতিষ্ঠান দুটির একটি হচ্ছে চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য জিল্লুর রহমানের মেসার্স আরএস এন্টারপ্রাইজ। অন্যটি মেসার্স এএস-আরএএস ট্রেডিং (জেভি)। মূলত আরএস এন্টারপ্রাইজের কাজের দর ছিল অন্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম। তবে কিছু ক্ষেত্রে দ্বিগুণ দাম রাখে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দেওয়া দর অবাস্তব বলে মন্তব্য করেছেন এ ধরনের কাজে সম্পৃক্ত ব্যক্তিরা। তবে দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে অন্য ব্যক্তিরা এই সৌন্দর্যবর্ধনের কাজ করেন বলে সিডিএ সূত্র জানায়।

সৌন্দর্যবর্ধনের এই কাজে মোট ব্যয় হয় ১৫ কোটি টাকা। শুরুতে খরচ ধরা হয়েছিল সাড়ে ১১ কোটি টাকা।

দুটি প্রতিষ্ঠানের দর পর্যালোচনা দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির সাধারণ পর্ষদ সদস্য দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, কাজ পাওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অনেক সময় একটি কাজে বেশি, অন্যটিতে কম দর দেয়। কিন্তু এখানে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে একটি অপ্রত্যাশিত কম দর দিয়েছে, যা অবাস্তব। ওই টাকা দিয়ে কাজ করা সম্ভব নয়।

দেলোয়ার মজুমদার বলেন, সচরাচর পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য এই ধরনের দর দেওয়া হয়। অনেক ক্ষেত্রে কারচুপির আশঙ্কা থেকে যায়। তাই কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করেছে কি না।

সিডিএ সূত্র জানায়, উড়ালসড়কের জিইসি মোড় থেকে এন মোহাম্মদ কনভেনশন সেন্টার (মুরাদপুর) পর্যন্ত সৌন্দর্যবর্ধনের কাজের জন্য মেসার্স এএস-আরএএস ট্রেডিং খরচ করে ১১ কোটি টাকা। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৮ কোটি ৮৩ লাখ টাকা।

আর জিইসি মোড়ের পেনিনসুলা থেকে লালখান বাজার অংশের জন্য আরএস এন্টারপ্রাইজের খরচ হয় ৩ কোটি ৮৩ লাখ টাকা। এই অংশের প্রাক্কলিত ব্যয় ছিল ২ কোটি ৬৪ লাখ টাকা।

সিডিএর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের জানিয়েছেন, কাজের পর ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়েছে। কিন্তু মেসার্স আরএস এন্টারপ্রাইজের লাইসেন্সে কাজ করা ঠিকাদার সাইফু উদ্দিন দাবি করেছেন, এখনো পুরো টাকা পাননি।

কাজ একই, দামের পার্থক্য অনেক

মেসার্স এএস-আরএএস ট্রেডিং ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫ হাজার ৯১৩ বর্গমিটার এবং আরএস এন্টারপ্রাইজ ১ কোটি ২৮ লাখ টাকায় ১ হাজার ৮৩৭ বর্গমিটার এমএস গ্রিলের ঘেরা দেয়। একই কাজ হলেও দর ছিল ভিন্ন। এএস-আরএএস প্রতি বর্গমিটারের জন্য ৫ হাজার ৪১৫ টাকা নিলেও আরএসের দর ছিল ৭ হাজার টাকা। অথচ বাজারদর অনুযায়ী প্রতি বর্গমিটারে খরচ পড়ে সর্বোচ্চ দুই হাজার টাকা। 

উড়ালসড়কের নিচে সৌন্দর্যবর্ধনের অংশে হাঁটাপথে টাইলস স্থাপন করা হয়। মেসার্স এএস-আরএএস ট্রেডিং ১ হাজার ৩০০ টাকা দরে ১ হাজার বর্গমিটার টাইলস স্থাপনে খরচ দেখায় ১৩ লাখ টাকা। অথচ আরএস এন্টারপ্রাইজের প্রতি বর্গমিটার টাইলসের জন্য খরচ পড়ে ৩ হাজার টাকা। অর্থাৎ দ্বিগুণের বেশি।

সৌন্দর্যবর্ধনের কাজে এএস-আরএএস ট্রেডিংয়ের মাটি লাগে ১ হাজার ৫৬৩ ঘনমিটার ও আরএস এন্টারপ্রাইজের ২২২ ঘনমিটার। আরএস এন্টারপ্রাইজ যেখানে প্রতি ঘনমিটার জন্য নেয় ৫০ টাকা, সেখানে অন্য প্রতিষ্ঠানটি নেয় ৫৬৭ টাকা।

একই ধরনের কাজে দামের বিশাল ব্যবধান কেন জানতে চাইলে আরএস এন্টারপ্রাইজের সাইফু উদ্দিন প্রথম আলোকে বলেন, দরের বিষয়ে তিনি কিছু জানেন না। এই বিষয়ে মূল ঠিকাদার জিল্লুর রহমান ভালো বলতে পারবেন।

যোগাযোগ করা হলে জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাইফু উদ্দিনরা আমার লাইসেন্স নিয়ে কাজ করেছেন। ওরা সব জানে। আমি এখান থেকে এক পয়সাও নিইনি।’

অন্য ঠিকাদার কামাল উদ্দিনের সঙ্গে গত ৪ ও ৫ অক্টোবর একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। এরপর খুদে বার্তা পাঠানো হলে জবাব দেননি। 

একই অবস্থা চারার দামেও

সৌন্দর্যবর্ধনের জন্য উড়ালসড়কের নিচে ৯০ হাজার গাছের চারা রোপণ করা হয়। ব্যয় হয় ১ কোটি ৪৫ লাখ টাকা। এএস-আরএএস ট্রেডিং লাগায় ১২ ধরনের ৬৯ হাজার এবং আরএস এন্টারপ্রাইজ ২২ ধরনের ২১ হাজার গাছের চারা রোপণ করে।

দুটি প্রতিষ্ঠান একই ধরনের নয়টি গাছ রোপণ করে। কিন্তু দামের মিল আছে মাত্র তিনটিতে। এএস-আরএএস ট্রেডিং ৭০ টাকা দরে ২৪ হাজার কাটা মেহেদি, ৭৬ টাকা দরে ১৭ হাজার রেড-গ্রিন বর্ডার, ৮০ টাকা দরে ১৭ হাজার ফনিকা, ৩০০ টাকা দরে ১৬০টি জাও প্ল্যান্ট, ২০০ টাকা দরে ৯০০টি থাই ব্যাম্বু ও ৩৫০ টাকা দরে ১ হাজার ৬২৯টি পাইথম চারা লাগায়। পরিমাণ কম হলেও প্রথম চারটির প্রতিটির জন্য আরএস এন্টারপ্রাইজ নেয় ১০ টাকা করে। তবে অন্যগুলোতে দাম বেশি রাখে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে সবুজ মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলায় অংশ নেওয়া দুটি নার্সারির কর্মকর্তারা জানান, উড়ালসড়কের সৌন্দর্যবর্ধনের কাজে বাজারদরের তুলনায় গাছের চারাগুলোর দাম অনেক বেশি নেওয়া হয়েছে।

তবে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও উড়ালসড়কের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান দাবি করেছেন, ই-জিপির মাধ্যমে সর্বনিম্ন দরদাতা দুটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। বাজারদর যাচাই-বাছাই করে চারের দাম নির্ধারণ করা হয়েছে। একটি প্রতিষ্ঠান কিছু ক্ষেত্রে কম দর দিয়েছিল। কিন্তু তাদের কাছ থেকে সব কাজ আদায় করে নেওয়া হয়েছে। মাহফুজুর রহমান বলেন, কাজ শেষ হওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে দুই বছর ধরে রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে।

সিনথেটিক টার্ফের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন

উড়ালসড়কের পিলারে সিনথেটিক টার্ফ স্থাপনে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ খরচ হয়েছে। পিলারগুলোতে ১০ হাজার ১৫৬ বর্গমিটার সিনথেটিক টার্ফ লাগানো হয়। এতে ব্যয় হয় ৩ কোটি ৩৯ লাখ টাকা।

এর মধ্যে মেসার্স এএস-আরএএস ট্রেডিং ৭ হাজার ৬৭৩ বর্গমিটার টার্ফ লাগায়। প্রতি বর্গমিটার ৩ হাজার ৫৫৭ টাকা করে মোট বিল হয় ২ কোটি ৭২ লাখ টাকা। আরএস এন্টারপ্রাইজের দর ছিল ২ হাজার ৭০০ টাকা। বাজারে এসব সিনথেটিক টার্ফের দাম প্রতি বর্গমিটারে দেড় হাজার থেকে দুই হাজার টাকা। এসব সিনথেটিক টার্ফ রক্ষণাবেক্ষণ ও পরিষ্কারেও অর্থ ব্যয় হচ্ছে।

উড়ালসড়কের পিলারে সিনথেটিক টার্ফের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক রাশিদুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, দৃশ্যত এটি সুন্দর। এতে পিলারগুলো পোস্টার-বিজ্ঞাপনের জঞ্জালমুক্ত রয়েছে। তবে দীর্ঘস্থায়ীভাবে এটি টিকবে না। পিলারগুলোর দেয়ালে পরিকল্পিতভাবে লতা ও সবুজজাতীয় গাছ লাগানো হলে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠত। আর রক্ষণাবেক্ষণ খরচও লাগত না।