কাজ এগোয়নি, তবু দ্রুত বাস্তবায়নের তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পটির আর্থিক ও কারিগরি সম্ভাব্যতা যাচাই শেষ হবে অন্তত এক বছর পরে। বাস্তবায়নের জন্য প্রশিক্ষিত জনবল দেশে নেই। জননিরাপত্তার বিবেচনায় স্পর্শকাতরও। এমন একটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য ‘ফাস্ট ট্রাক’ কর্মসূচিভুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাবনার রূপপুরে প্রথমে এক হাজার, পরে আরও এক হাজার, মোট দুই হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প এটি। আবারও দায়িত্ব নেওয়ার পর সরকার একে ‘ফাস্ট ট্রাক’ কর্মসূচিভুক্ত করেছে। অথচ রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় এটি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে মাত্র চার মাস আগে সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক কাজ শুরু করেছে সরকার।
সরকারের বিভিন্ন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কোনো প্রকল্প তখনই ‘ফাস্ট ট্রাক’ কর্মসূচিভুক্ত হতে পারে, যখন তা আর্থিক ও কারিগরি দিক দিয়ে বাস্তবায়নযোগ্য হিসেবে অনুমোদন করা হয়। যে প্রকল্প আর্থিক ও কারিগরিভাবে বাস্তবায়নযোগ্য হবে কি না, তা-ই জানা নেই, সেই প্রকল্প তো দ্রুত বাস্তবায়নের প্রশ্নই উঠতে পারে না।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত ১ অক্টোবর। প্রকল্পটির পরিচালক শৌকত আকবর প্রথম আলোকে বলেন, মাঠপর্যায়ে প্রথম চার মাস প্রধান কাজ হচ্ছে আগের সমীক্ষার মূল্যায়ন, নতুন সমীক্ষার পরিকল্পনা তৈরি প্রভৃতি।
গতকাল শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওই কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। এরপর ১২টি বিষয়ভিত্তিক সমীক্ষা করে প্রতিটির জন্য পাঁচটি করে প্রতিবেদন তৈরি করতে হবে। এ জন্য সময় ধরা আছে ১৫ মাস। এসব প্রতিবেদনের মাধ্যমে প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সম্পর্কে জানা যাবে।
এ রকম আরও দুটি প্রতিবেদনের বিষয় হচ্ছে—প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ এবং প্রকল্প এলাকার প্রকৌশলগত জরিপ ও পরিবেশগত সমীক্ষা। এর প্রতিটির জন্য সময় লাগবে ১৮ মাস। সবগুলো সমীক্ষা একসঙ্গে চলবে। এসব কাজের পরই জানা যাবে যে প্রকল্পটি বাস্তবায়নযোগ্য হবে কি না।
রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা অত্যন্ত দুরূহ ও সমস্যাসংকুল হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সংশ্লিষ্ট এক বিশেষজ্ঞও। চলমান সমীক্ষা এবং তারপর বিদ্যুৎকেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণের কাজে অংশ নিচ্ছে রাশিয়ার কোম্পানি জেএসসি অ্যাটমেনার্জিপ্রোকট। কোম্পানিটির মহাপরিচালক (জেনারেল ডিরেক্টর) মারাত মুস্তাফিন রাশিয়ার পরমাণু শক্তিবিষয়ক ওয়েবসাইট ‘নিউক্লিয়ার ডট আরইউ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রূপপুর অত্যন্ত জটিল জায়গা। তিনি আরও বলেন, সেখানকার ভূতাত্ত্বিক গঠন অত্যন্ত জটিল। জায়গাটি পদ্মার তীরবর্তী পলিগঠিত অঞ্চল হওয়ায় মাটি অত্যন্ত নমনীয়। তাই প্রতিটি এক হাজার মেগাওয়াটের দুটি ইউনিট স্থাপনের লক্ষ্য নিয়ে সমীক্ষা চালানো হলেও হয়তো শেষ পর্যন্ত সেখানে এক হাজার মেগাওয়াটের একটি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিতে হতে পারে।
দেশীয় বিশেষজ্ঞ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক পরিচালক জসিমউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, রূপপুর একটি ভূ-চ্যুতির ওপর অবস্থিত। এ ধরনের ভূ-চ্যুতি ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বা উৎসস্থল হয়। কাজেই জায়গাটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ঝুঁকিপূর্ণ। ওখানে এখন দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় পানি পাওয়াও দুরূহ হবে। ‘কুলিং টাওয়ার’ নির্মাণ করে পানির ব্যবহার সীমিত রাখতে হলে প্রকল্পের ব্যয় অনেক বাড়বে। তা ছাড়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এমন একটি উচ্চমানের কারিগরি প্রকল্প যে চাইলেই এর বাস্তবায়ন দ্রুত করা যায় না। বিষয়টি একটি বিদেশি রাষ্ট্রের সহায়তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। সে কারণেও সরকার ইচ্ছা করলেই সবকিছু দ্রুততর করতে পারবে না।
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য তিনটি অপরিহার্য উপাদান হচ্ছে—প্রকল্প ব্যবস্থাপনা দল, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বিদ্যুৎকেন্দ্রের পরিচালন দল। এর প্রতিটি দলে পরমাণু শক্তি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অভিজ্ঞ পেশাজীবী দরকার। কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে (বিএইসি) তেমন লোকের বড়ই অভাব। এমনকি যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, সেখানেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অভিজ্ঞ লোক নেই।
সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য থেকেই দক্ষ জনবল গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। বিএইসির শীর্ষস্থানীয় কর্মকর্তারা প্রকল্প ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন। কারিগরি জনবল পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে সমীক্ষার মাধ্যমে। আর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ দলের সদস্যদের নিয়োগ দেওয়া হবে বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণকাজ শুরুর দুই বছর আগে। নিয়োগের পর সদস্যদের তিন থেকে চার বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।
বিএইসির সাবেক প্রধান প্রকৌশলী আবদুল মতিন মনে করেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ধরনের বিশেষায়িত পেশাজীবী দরকার, তা যে কাউকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা সম্ভব নয়। কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করার চিন্তা যখন শুরু করে, তখন থেকেই জনবল তৈরির কাজও শুরু করে। এখানেও ২০০৯ সালের মাঝামাঝি প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ শুরু করার সময় থেকেই বিএইসিতে জনবল নিয়োগ করে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া দরকার ছিল। তা না করায় দেশীয় পেশাজীবীদের দিয়ে প্রকল্পটি পরিচালনা অনিশ্চিত।
প্রকল্পটির আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন রয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে। সমীক্ষার জন্য রাশিয়া থেকে ৫০ কোটি ডলার ঋণ নেওয়া হয়েছে। কিন্তু এ কাজে এত অর্থের দরকার নেই। তা ছাড়া সমীক্ষার জন্য কোন খাতে কত টাকা লাগবে, সেই হিসাবও করা হয়নি।
আবদুল মতিন বলেন, একটি সমীক্ষার জন্য চার কোটি ৬০ লাখ ডলারের চুক্তি করা হয়েছে। কিন্তু তাতে দুই কোটি ডলারের বেশি লাগার কথা নয়। কোনো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই পর্যায়ে এভাবে বিপুল অঙ্কের ঋণ নিয়ে ব্যয় করার নজির নেই।
‘ফাস্ট ট্রাক’ কর্মসূচিভুক্ত করা হলেও এখন পর্যন্ত বিএইসির ওয়েবসাইটেও রূপপুর প্রকল্প সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যায় না। বঙ্গবন্ধু নভোথিয়েটারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে যে তথ্যকেন্দ্র রয়েছে, সেখানেও রূপপুর সম্পর্কে কোনো তথ্য নেই।