কাজ ও গ্যাসের দাবিতে নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসক্ষেত্র অবরোধ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তিন গ্রামের মানুষ গতকাল বুধবার বিবিয়ানা গ্যাসক্ষেত্র অবরোধ করে। দেশের এই বৃহত্তম গ্যাসক্ষেত্রে স্থানীয় লোকজনের কর্মসংস্থান, ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের দাবিতে এ ঘেরাও কর্মসূচি পালিত হয়।প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানান, উপজেলার করিমপুর, কাকুড়া ও চানপুর গ্রামের ভূমি অধিগ্রহণ করে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সাউথ প্যাড গড়ে তোলা হয়েছে। এতে এলাকার বিপুল পরিমাণ ফসলি জমি বিলুপ্ত হয়। কৃষক-পরিবারগুলোর মধ্যে বেকারত্ব বৃদ্ধি পায়। ক্ষেত্রটি থেকে গ্যাস উত্তোলন শুরুর সময় স্থানীয় লোকজনের চাকরি ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন। কিন্তু প্রতিষ্ঠানটি সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। এতে স্থানীয় লোকজনের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রতিশ্রুতি পূরণের জন্য সাত দিনের আলটিমেটাম দেওয়া হয় শেভরনকে। সময়সীমা শেষ হলে গতকাল গ্যাসক্ষেত্র ঘেরাও করেন এলাকাবাসী। ভোর থেকে তিন গ্রামের শত শত নারী-পুরুষ গ্যাসক্ষেত্রের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা।সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিবিয়ানা জনকল্যাণ পরিষদের উপদেষ্টা অধীর দাশ, ছুরুক মিয়া, আবদুল আহাদ ভান্ডারী, মো. হোসেন খান প্রমুখ। বক্তারা বলেন, এখানে অন্যান্য জেলার প্রায় ৭০০ মানুষ চাকরি পেয়েছে। অথচ যাদের জমিতে এ গ্যাসক্ষেত্র, তারাই আজ বেকার।পরে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাতেন ও নবীগঞ্জ থানার পুলিশের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী। মধ্যস্থতাকারীরা তিন দিনের মধ্যে এলাকাবাসীর দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেন।তবে শেভরন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা জুলফিকার আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অসম্মতি জানান।