কাজ করছিলেন তিন হাজার শ্রমিক উদ্ধার সহস্রাধিক
সেলাই মেশিনটিই বাঁচিয়ে দিয়েছে রোজিনা বেগমকে। রানা প্লাজার সপ্তম তলায় নিউ ওয়েভ স্টাইলের সেলাই মেশিন চালক (অপারেটর) রোজিনা বেগম কেবল মেশিনটি চালু করেছিলেন। ওই সময় হুড়মুড় করে ভেঙে পড়ে ভবনটি। ঝুঁকে মেশিনের তলে চলে যান রোজিনা। ছাদ ধসে পড়ে মেশিনের ওপর। বেঁচে যান রোজিনা। উদ্ধারকারীরা ছাদ ছিদ্র করে তাঁকে বের করেন। তবে তিনি বুক-পেটসহ বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন।এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বাইরে অঝোরে কাঁদছিলেন রোজিনা। তবে সবাই রোজিনার মতো নয়। নিহত ব্যক্তিদের মধ্যে ৮৮ জনের লাশ রাখা হয় অধর চন্দ্র মডেল হাইস্কুলের মাঠে ও বারান্দায়। গতকাল বিকেল থেকে সেখানে এনাম মেডিকেল, সাভার সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল, সীমা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল ও সরাসরি ধ্বংসস্তূপ থেকে লাশ এনে জড়ো করা হয়। এদের মধ্যে ৬৫ জনের লাশ শনাক্ত করে বুঝে নিয়েছেন স্বজনেরা। স্বজনের খোঁজে স্কুলের মাঠে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। প্রতিটি লাশের মুখের কাপড় সরিয়ে সরিয়ে শনাক্তের চেষ্টা করছিলেন তাঁরা। দুমড়ে যাওয়া লাশগুলো দেখে ডুকরে কেঁদে উঠছিলেন কেউ কেউ। আর স্বজনের লাশ মিললে বুকভাঙা চিৎকার দিয়ে বুকের ওপর ঝাঁপিয়ে পড়ছিলেন কেউ কেউ।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেন, স্কুলের মাঠে ৮৮টি লাশ নিয়ে আসা হয়। তা ছাড়া এনাম মেডিকেল থেকে ২৫ জনের লাশ বুঝে নেন স্বজনেরা। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে ১১৩-তে। তবে কিছুক্ষণ পরপরই এ সংখ্যা বাড়ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, মৃতের প্রকৃত সংখ্যা ২০০ ছাড়াতে পারে।এদিকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের বেশির ভাগই গুরুতর আহত হয়েছেন। এনাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান খলিলুর রহমান বলেন, গতকাল ছোট-বড় মিলিয়ে ৪০০ অস্ত্রোপচার করা হয়েছে, সবই বিনা পয়সায়। আহত ব্যক্তিদের মধ্যে হাত-পা থেঁতলে গেছে, অনেকের আন্ত্রিক সমস্যা দেখা দিয়েছে (পেট ও হজমতন্ত্রে আঘাতের ফলে), কারও বুকে চাপা লাগার ফলে হূৎপিণ্ড ও ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে, কেউ হাড় ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। সবার আঘাতই কমবেশি গুরুতর।তিন হাজার শ্রমিক কাজ করছিলেন: ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া আহত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনটির ওপরে ছয়টি তলায় পোশাক কারখানা। প্রতি তলায় গড়ে অন্তত ৫০০ শ্রমিক কাজ করে থাকেন। সব মিলিয়ে ধসে পড়ার সময় ভবনটিতে আড়াই থেকে তিন হাজার শ্রমিক কাজ করছিলেন। যাঁদের বেশির ভাগই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে স্থানীয় লোকজনের ধারণা। এ ছাড়া ভবনের নিচের দুই তলার বিপণিবিতানে অল্প কিছু লোক ছিলেন। ভবনটি পাশের যে তিনতলা ভবনটির ওপর ধসে পড়ে, সেখানেও ৫০ জনের মতো লোক ছিলেন।ফ্যান্টম ট্যাকের কর্মকর্তা (মার্চেন্ডাইজার) মতিউর রহমান ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরেছেন। তিনি বলেন, চতুর্থ ও পঞ্চম তলায় ফ্যান্টমের কারখানা। এই দুই তলায় তখন এক হাজার ২০০ লোক কাজ করছিলেন। স্টাইল ওয়েভের সুইং সুপারভাইজার মো. সুলায়মান কাজ করছিলেন সপ্তম তলায়। তিনি জানান, ওই তলায় তখন পাঁচ শতাধিক শ্রমিক কাজ করছিলেন। যাদের বেশির ভাগই নারী। ষষ্ঠ তলার ইদারটেক্সের শ্রমিক রিংকু বলেন, তাঁদের ওই তলায় তখন পাঁচ শতাধিক শ্রমিক কাজ করছিলেন।তবে শিল্প পুলিশের সাভার এলাকার পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ধসে যাওয়া ভবনে ৯০০ লোক ছিল। উদ্ধারকর্মীরা বলছেন, যেসব আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে, এর বেশির ভাগই ভবনের ওপরের দুই-তিন তলায় ছিলেন।