কাজ করছে না নিয়ন্ত্রণ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মারাত্মক অপুষ্টি সমস্যা সমাধানে নিয়ন্ত্রণ (স্টিয়ারিং) কমিটি কাজ করছে না। সমন্বয়হীনতা এখন মন্ত্রণালয় ছাড়িয়ে মাঠ পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন করা হয়েছে বা সর্বশেষ পরিস্থিতি কী, সে সম্পর্কেও জানে না খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটির কমপক্ষে সাতজন সদস্যের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।

জাতীয় পুষ্টিসেবা কর্মসূচির (এনএনএস) কর্মপরিকল্পনায় বলা হয়েছে, অপুষ্টি বহু খাতের সমস্যা। তাই অপুষ্টি সমস্যা সমাধানে ২০১২ সালে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে নিয়ন্ত্রণ কমিটি গঠন করে। কমিটিভুক্ত অন্য মন্ত্রণালয়গুলো হলো খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প, মহিলা ও শিশুবিষয়ক, দুর্যোগ ও ত্রাণ, তথ্য, পরিবেশ ও বন, স্থানীয় সরকার, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং সমাজকল্যাণ। এসব মন্ত্রণালয়ের কোনোটি খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছে, কোনোটি খাদ্যকে পুষ্টিসমৃদ্ধকরণে কাজ করছে। এ জন্য বছরে অন্তত চারটি করে কমিটির বৈঠক করার কথা।

মন্ত্রণালয়গুলো নিয়মিত বৈঠকে বসে একে অন্যকে তথ্য দিয়ে সাহায্য করবে, সিদ্ধান্ত নেবে, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে। কিন্তু বৈঠকের কার্যপত্রে দেখা গেছে, প্রথম বছর চারটি বৈঠক হলেও পরের বছর হয়েছে দুটি। এ বছর এখন পর্যন্ত বৈঠক হয়েছে মাত্র একটি। 

জাতীয় পুষ্টিসেবা কর্মসূচির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে খাদ্য অধিদপ্তর। অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিয়মিত বৈঠক হয় না। অনিয়মিত বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়, মন্ত্রণালয়গুলো সেসব সিদ্ধান্ত মাঠ পর্যায়ে পাঠায় না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগহীনতা এবং অন্যান্য মন্ত্রণালয়ের অনাগ্রহের কারণে কমিটির কোনো সুফল পাওয়া যাচ্ছে না।

জানতে চাইলে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত বৈঠক ডাকছে। মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। সে অনুযায়ী কাজও চলছে।

সমন্বয়হীনতা: দুর্যোগের সময় শিশুর পুষ্টি নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সহযোগিতা করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল মওদুদ এক প্রশ্নের জবাবে বলেন, দুর্যোগকবলিত এলাকায় যেন বিকল্প শিশুখাদ্য ঢুকে না পড়ে, সে বিষয়ে তাঁরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো লিখিত বা মৌখিক পরামর্শ পাননি।

সমন্বয়হীনতার অভিযোগ আরও রয়েছে। যেমন, ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ কমিটির বৈঠকে স্কুলছাত্রদের পুষ্টি সমস্যা ও সমাধানের উপায় তাদের জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। কথা ছিল স্কুলশিক্ষার্থীদের মধ্যে ‘মিডডে মিল’ চালু হবে, তারা হাতে-কলমে বাগান করা শিখবে। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ‘খুদে পুষ্টিবিদ’ তৈরি হবে।

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক বিদ্যালয় স্তরে ৮০টি উপজেলায় মিডডে মিল চালু হয়েছে। এ ছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বিস্কুট দেওয়া হচ্ছে। অথচ এই কর্মসূচির সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় বা এনএনএসের কোনো সম্পর্ক নেই।  

জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে সর্বশেষ গত ১৪ আগস্ট একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক ওই কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়। খোঁজখবর নিয়ে জানা যায়, ওই বৈঠকে উপস্থিত হতে অনুরোধ জানানো কমপক্ষে চারজন দেড় থেকে দুই বছর আগে বদলি হয়ে গেছেন। এঁদের একজন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বদলি হয়ে এসেছেন চিঠি ইস্যু করার বছর খানেক আগে। তাঁর বরাবরেও স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

২০১২ সালের একটি বৈঠকে কৃষি মন্ত্রণালয়কে বাড়িতে কৃষি খামার তৈরির অনুরোধ করা হয়েছিল। বলা হয়েছিল, এনএনএস কৃষি মন্ত্রণালয়ে গিয়ে পুষ্টিসমৃদ্ধ, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করে নিরাপদ খাদ্য উৎপাদনে তথ্য দেবে। এ ব্যাপারে বৈঠকের পর আর কিছু হয়নি বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা।  

নিয়ন্ত্রণ কমিটিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্ম সচিব এস এম গোলাম আলী জানান, তিনি নতুন এসেছেন। এনএনএসের সঙ্গে তাঁর মন্ত্রণালয়ের সম্পৃক্ততা আছে কি না, তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।