কাজ করতে চান মধ্যপ্রাচ্য নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের নাগরিকদের ভিসা জটিলতার অবসান ও জনশক্তি রপ্তানি সম্প্রসারণে কাজ করতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ বিষয়ে কথা বলতে গতকাল বুধবার সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এরশাদ এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর মধ্যপ্রাচ্য মিশন নিয়ে আলোচনা করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবকে জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাঁর অনেক বন্ধুবান্ধব ও পরিচিতজন রয়েছেন। এ সুবিধা কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের পক্ষে তেলসমৃদ্ধ দেশগুলোতে কাজ করতে আগ্রহী।
জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কীভাবে কাজ করা যায়, সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন। বিশেষ করে সরকার মধ্যপ্রাচ্যে যেখানে তাঁকে কাজে লাগাবে, সেখানে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি এরশাদের বিরুদ্ধে চলমান মঞ্জুর হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য আদালত নির্দেশ দেন। এ মামলার কারণে এরশাদ এখন সরকারকে খুশি করতে নানা উপায় খুঁজছেন বলে তাঁর দলের একাধিক সূত্র জানিয়েছে।