কাজ করতে না পারায় সাংসদের প্রতিষ্ঠান বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে এনা প্রপার্টিজ ও অংশীদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তি চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ২২ মাসেরও বেশি সময়ে নির্ধারিত কাজের ন্যূনতম (৮৭ শতাংশের স্থলে ১.১৫ শতাংশ) অংশও শেষ করতে না পারায় চুক্তি বাতিল করা হয়। রাজউকের দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা যায়।
গতকাল মঙ্গলবার যোগাযোগ করা হলে এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সরকারি দলের সাংসদ এনামুল হক চুক্তি বাতিলের চিঠি পাওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, এক পক্ষের সিদ্ধান্তে চুক্তি বাতিল হতে পারে না। দুই পক্ষের সম্মতি লাগে। এখন নিজেদের মধ্যে বসে পরবর্তী করণীয় ঠিক করবেন বলে জানান তিনি।
রাজউক জানিয়েছে, এনা প্রপার্টিজ মামলার হুমকি দিয়েছে। তাই প্রকল্পের ‘এ’ ব্লকের পরিবর্তে সমান আয়তনে ‘বি’ ব্লকে ৫৯টি ১৬ তলা ভবন নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মামলা হলেও প্রকল্পটি যাতে আটকে না যায়, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখন নির্মাণ ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়ে যাবে। অতিরিক্ত খরচ পড়বে ৫৬০ কোটি ৫০ লাখ টাকা।
কাজ করতে না পারায় রাজউক এনা প্রপার্টিজকে এর আগে চার দফা চুক্তি বাতিলের চিঠি দিয়েছিল। কিন্তু এনার বিরুদ্ধে শাস্তির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চুক্তিতে কাজ করতে না পারলে জরিমানা ও প্রকল্প এলাকার মালামাল জব্দ করার কথা বলা আছে।
এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা গত সোমবার প্রথম আলোকে বলেন, কাজের ন্যূনতম অগ্রগতি না হওয়ায় এনা প্রপার্টিজ ও অংশীদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। প্রকল্প এলাকায় ঠিকাদারদের সরঞ্জামাদিও সরিয়ে ফেলা হবে।
চেয়ারম্যান আশ্বস্ত করেন, বরাদ্দ পাওয়া ব্যক্তিরা যাতে সময়মতো ফ্ল্যাট বুঝে পেতে পারেন, সে জন্য ‘বি’ ব্লকে সমান আয়তনের ফ্ল্যাট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির দরপত্র আহ্বান করা হবে।
রাজউক সূত্র জানায়, এ ব্লকের এক হাজার ২৫০ বর্গফুটের ভবনগুলোর মতো ৫৯টি ১৬তলা ভবন ‘বি’ ব্লকে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এতে সম্মতি দিয়েছে।
বাড়তি ব্যয়: রাজউক সূত্রমতে, ‘এ’ ব্লকের ভবনগুলোর ব্যয় নির্ধারিত হয়েছিল ২০০৮ সালের নির্মাণসামগ্রীর বাজার দর হিসাব করে। এখন নতুন দরপত্রে ব্যয় ধরা হবে ২০১৪ সালের বাজার দর অনুযায়ী। ফলে বাড়তি খরচ হবে ৫৬০ কোটি ৫০ লাখ টাকা।
বাড়তি টাকা কে দেবে, এখনো সে সিদ্ধান্ত হয়নি। তবে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, উন্নয়ন ফি হিসেবে তা বরাদ্দ পাওয়া ব্যক্তিদের ঘাড়েই আসতে পারে।
এদিকে ছয় হাজার বরাদ্দ পাওয়া গ্রাহকের মধ্যে জানুয়ারি পর্যন্ত প্রায় ৫০০ জন তাঁদের জামানতের টাকা তুলে নিয়েছিলেন। গত সপ্তাহে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৪০। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। আর হতাশ এক হাজার গ্রাহক কিস্তির টাকা পরিশোধই করেননি।