কাজ করতে হয় না ‘ভিআইপি’দের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে অতিদরিদ্র ব্যক্তিদের কর্মসংস্থান কর্মসূচিতে নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের বেশ কয়েকজন কোনো কাজ না করেই টাকা তুলে নেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক চাপে এসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয় বলে চেয়ারম্যান জানিয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি প্রকল্প বাস্তবায়নের জন্য দুই হাজার ১২১ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এর জন্য এক কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে প্রত্যেক শ্রমিক দৈনিক মজুরি পাবে ১৭৫ টাকা।গোপালনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ২১৪ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। শ্রমিকেরা নয়টি ভাগে ২৩ থেকে ২৭ জন করে ৪০ দিন কাজ করবে। গত শনিবার সকালে এসব এলাকায় গিয়ে দেখা গেছে, যে দলে ২৭ জন শ্রমিকের কাজ করার কথা ছিল, সেখানে কর্মরত আছেন ২৪ জন। বাকি তিনজন কর্মস্থলে উপস্থিত না থেকেই প্রতিদিন অর্থ উত্তোলন করছেন বলে কর্মরত শ্রমিকেরা জানান। এভাবে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে দুই থেকে তিনজন করে ‘ভিআইপি’ শ্রমিক রয়েছেন, যাঁরা কাজ না করেই দৈনিক ১৭৫ টাকা তুলে নেন।গোপালনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রমিক-সর্দার নুর হোসেন বলেন, ‘আমাইগরে গ্রুপে ২৭ জন শ্রমিকের নাম আছে। কিন্তু এখন আমরা এহেনে কাজ করছি ২৪ জন। শাহজাহান আলী, আবু বকর ও তোজাম্মেলের নাম তালিকায় আছে। কিন্তু তারা প্রথম দিন থেকেই আমাইগরে সঙ্গে কাজ না করে ট্যাহা তুলে নেয়। আমরা কইলে তারা আমাইগরে কাজ থাইকা বাদ দেবে কইয়া হুমকি দেয়।’গোপালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, দলীয় চাপের কারণে প্রতিটি ওয়ার্ডে কিছু ভিআইপি শ্রমিকের নাম আগে থেকেই তালিকাভুক্ত করা ছিল।উপজেলা সমাজসেবা ও কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা ওবাইদুল হক জানান, ভিআইপি শ্রমিকদের বিরুদ্ধে কাজ না করার অনেক অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পিআইও আবদুলাহেল কাফি জানান, বিষয়টি তাঁর জানা নেই।