কাজ করলে ভুল হয়: মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আজকে শিক্ষা খাত নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু কাজ করলে ভুল হয়, আর কাজ না করলে একটাও ভুল হয় না। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রী পার্টির সভাপতি আহমেদুল কবির ও নূরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘যাঁরা শিক্ষা খাত নিয়ে কোনো কিছুই করেননি, তাঁরা যখন সমালোচনা করেন, তখন হাসব না কাঁদব বুঝতে পারি না। কথায় আছে, রোম থেকে প্যারিস নগরী ভালো দেখা যায়। ১ জানুয়ারি সরকার বিনা মূল্যে যে বই দেয়, তা অনেকের কাছে ডাল-ভাত মনে হয়। কিন্তু যেসব দেশ তা দিতে ব্যর্থ হয়, তাদের কাছে এটি কঠিন বিষয়।’
কৃষিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রী পার্টির প্রয়াত সভাপতি নূরুল ইসলামের হত্যাকাণ্ডের তদন্তকাজ এগিয়ে যাচ্ছে। তদন্তের ব্যাপারে সরকারের কোনো শৈথিল্য নেই। কিন্তু এই মামলায় সেই অর্থে কোনো ক্লু নেই। যে মেয়ে ওই সময় তাঁর বাড়িতে কাজ করত, তারও কোনো হদিস নেই।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জামায়াতের আন্তর্জাতিক লবিং অত্যন্ত শক্তিশালী। বিচার বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিকে জামায়াতের নেতা মীর কাশেম আলী ২৫ মিলিয়ন ডলার দিয়েছেন। কিন্তু তার পরও বিচারকাজ এগিয়ে যাচ্ছে।
মেনন আরও বলেন, যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকরের সময় বিভিন্ন দেশ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, তুরস্কের রাষ্ট্রপতি এমনকি জাতিসংঘের মহাসচিব বান কি মুনও রায় কার্যকর না করতে সরকারকে চাপ দিয়েছিলেন। তাঁরা বারবার বলেন, এ বিচার তাঁরা চান কিন্তু স্বচ্ছ হতে হবে। বিচার কীভাবে স্বচ্ছ করতে হবে তা বলেন না।
গণতন্ত্রী পার্টির প্রয়াত সভাপতি নূরুল ইসলামের স্ত্রী কবি রুবি রহমান বলেন, ‘বিচারের জন্য আমরা দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) এ হত্যাকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে। কিন্তু সরকারের মন্ত্রী বলছেন, এটা হত্যাকাণ্ড।’
স্বামী হত্যার বিচার চেয়ে রুবি রহমান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী আমাকে অনেক কিছু দিয়েছেন। তাঁর কাছে আমার একটাই দাবি, আমি যেন এ হত্যাকাণ্ডের সুবিচার পাই।’
সভায় সভাপতিত্ব করেন, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল আহসান। বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমান, শহীদুল্লাহ সিকদার প্রমুখ।