কাজ করার সময় ট্রাকচাপায় প্রাণ গেল তিন শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক মেরামতের কাজ করার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন তিনজন শ্রমিক। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
ট্রাকচাপায় নিহত শ্রমিকেরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের মানিক মিয়া (৪৫), বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামের ফজল মিয়া (৩৫) ও নবীগঞ্জ উপজেলার মামদপুর গ্রামের মহরম আলী (৫৫)।
শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দির মিনহাজপুর এলাকায় মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মেরামতকাজ চলছিল। সেখানে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার দিক থেকে সিলেটগামী একটি দ্রুতগামী মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৯৩২) তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক প্রাণ হারান। আহত হন আরও দুজন। আশপাশের লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান। আহত শ্রমিকদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী মহাসড়কে অবরোধ করলে দুই পাশে কয়েক শ যান আটকা পড়ে। পরে পুলিশের অনুরোধে সকাল নয়টায় অবরোধ তুলে নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সিকান্দর হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা ধারণা করছেন, ঘন কুয়াশার কারণে হয়তো চালক সড়কে মেরামতের কাজ দেখতে পাননি। এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং বিকেলে নিহত ব্যক্তিদের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবারই কুয়াশার মধ্যে যানবাহনের গতিসীমা ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে বেঁধে দেয় সরকার। কুয়াশায় যানবাহন চলাচলে ‘ফগ লাইট’ জ্বালানো বাধ্যতামূলক করা এবং ঘন কুয়াশা হলে প্রয়োজনে যান চলাচল বন্ধ রাখতে বলা হয়। সেদিন জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের রুদ্ধদ্বার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।