কাজ করেও মজুরি পায় না শেরপুরের ৯০ নারী শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় সড়কে মাটি কাটার কাজে নিয়োজিত ৯০ নারী শ্রমিক গত জানুয়ারি থেকে মজুরি পাচ্ছেন না। প্রতি মাসেই টাকার জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে ধরনা দিয়ে তাঁদের খালি হাতে ফিরতে হয়।উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গ্রামীণ সড়কের মাটি কাটার কাজে নিয়োজিত নারী শ্রমিকের সংখ্যা ৯০। ২০০৮ সালে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরইআরএমপি) প্রকল্পের আওতায় পাঁচ বছর মেয়াদে দৈনিক ৯০ টাকা মজুরি হিসাবে তাঁরা নিয়োগ পান। নিয়োগপ্রাপ্তরা স্বামী পরিত্যক্তা অথবা বিধবা। নারী শ্রমিক মনোয়ারা খাতুন জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে উপজেলার নয়টি ইউনিয়নের নারী শ্রমিকেরা মজুরির টাকা পায় না। টাকার জন্য মেয়েরা অফিসে এসে ধরনা দিলেও টাকা আসেনি বলে ফিরিয়ে দেয়। একই কথা বলেন অপর নারী শ্রমিক লাইলী খাতুন। শ্রমিক মোর্শেদা খাতুন জানান, মজুরি দিয়ে যে টাকা পান, সেই টাকায় তাঁর সংসার চলে। কিন্তু টাকা না পাওয়ায় তাঁর এখন খেয়ে না-খেয়ে জীবন চলছে। গ্রামের কারও কাছে চাল ধার নিয়ে জীবন চালালেও অভাবী সংসারে আবার কেউ ধার দিতেও চায় না। উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন তালুকদার ও কুসুম্বী ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন জানান, নারী শ্রমিকেরা দীর্ঘদিন ধরে মজুরি না পাওয়ায় অমানবিক জীবন যাপন করছে।উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম এ বিষয়ে বলেন, কাজের বিপরীতে যথাসময়ে টাকা বরাদ্দ না আসায় চলতি জানুয়ারি থেকে ৯০ জন নারী শ্রমিক মজুরি পায় না। টাকা বরাদ্দের জন্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।